কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক প্রেসিডেন্টের শ্যালককে প্রার্থী করল জামায়াত
ছবি: সংগৃহীত
০৪:৪০ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের শ্যালক এবং দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। খ্যাতিমান এই হৃদ্রোগ বিশেষজ্ঞ দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন। এবার নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে রাজনৈতিক অঙ্গনে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
এদিকে, চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আহ্বানে অনুষ্ঠিতব্য সংলাপে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময়েও জোটবদ্ধভাবে অংশ নেবে দলগুলো।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানান। এ সময় কিশোরগঞ্জ-৩ আসনে জিহাদ খানের প্রার্থিতার বিষয়টিও আলোচনায় আসে।
জামায়াতের প্রার্থিতার বিষয়টি শুক্রবার বিকেলে নিশ্চিত করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির মো. রমজান আলী। তিনি জানান, বৃহস্পতিবার কেন্দ্র থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম ঘোষণা করা হয়েছে।
জিহাদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। পারিবারিক সম্পর্কের সূত্রে তিনি সাবেক দুবারের রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক। এ ছাড়া তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক চিকিৎসক আ ন ম নৌশাদ খানের ছোট ভাই।
বর্তমানে জিহাদ খান ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদ্রোগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেখানে বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন।
প্রার্থিতার বিষয়ে জিহাদ খান বলেন, দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের অনেক মানুষকে চিকিৎসাসেবা দেওয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা করার সুযোগ হয়েছে তার। তবে নিজ এলাকার মানুষকে এভাবে সেবা করার সুযোগ পাননি। এবার সেই সুযোগ কাজে লাগাতে চান তিনি।
তিনি বলেন, করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের সেবা করতে চান। এর আগেও এলাকা থেকে আওয়ামী লীগ, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন তার কাছে গেছেন। ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়াসহ তাদের যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করেছেন।
এ ছাড়া গত ১৫-১৬ বছর ধরে কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর নিয়মিত খোঁজখবর নেওয়া এবং বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলেও জানান তিনি।
আরআই/