ন্যয়ারের স্ত্রীর রহস্যময় পোস্ট‘গর্ভবতী মহিলার সঙ্গে প্রতারণা করা শয়তানির অন্য মাত্রা’
ছবি: সংগৃহীত
০৯:০৪ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
ব্যক্তিগত জীবন ঘিরে জল্পনা-কল্পনার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ম্যানুয়েল ন্যয়ার। ফুটবলের অন্যতম সেরা গোলকিপারের সঙ্গে স্ত্রী ও সাবেক হ্যান্ডবল খেলোয়াড় আনিকা ন্যয়ারের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পরকীয়া সম্পর্ক নিয়ে বিশ্বকাপ জয়ী গোলকিপারের স্ত্রীর একটি কড়া বক্তব্যের পোস্ট তাদের কথিত দাম্পত্য সমস্যার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আনিকা একটি রহস্যময় পোস্ট দিয়েছেন, ‘একজন গর্ভবতী মহিলার সঙ্গে প্রতারণা করা শয়তানির অন্য মাত্রা। ভাবুন তো, যে মহিলা আপনার সন্তানকে গর্ভে ধারণ করছে, তার শরীরের পরিবর্তন দেখছেন, তাকে কষ্ট পেতে দেখছেন, ক্লান্ত হতে দেখছেন এবং গর্ভাবস্থার সাথে আসা সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে দেখছেন, আর তারপরেও তার অজান্তে তার সাথে বিশ্বাসঘাতকতা করার মতো ধৃষ্টতা আপনার আছে।’
আনিকা আরও লিখেছেন, ‘সে তোমার সন্তান গর্ভে ধারণ করছে, আর তুমি বাইরে অন্য কারো সাথে সময় কাটাচ্ছ। যে নারীর ভালোবাসা, সুরক্ষা এবং সমর্থন পাওয়ার কথা, তার পরিবর্তে তোমার তৈরি যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। এটা কোনো ‘ভুল’ নয়। এটা একটা সিদ্ধান্ত। একটা স্বার্থপর, হৃদয়হীন, অসম্মানজনক সিদ্ধান্ত। যে নারী তোমার নিজের সন্তান গর্ভে ধারণ করছে, তার সাথে যদি তুমি বিশ্বাসঘাতকতা করতে পারো, বিশেষ করে যখন তার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তাহলে তোমার শুধু আনুগত্যেরই অভাব নেই, তোমার মধ্যে ন্যূনতম শালীনতা এবং শ্রদ্ধাবোধেরও অভাব রয়েছে। জঘন্য।’
আনিকা ওই বার্তায় কারও নাম উল্লেখ করেননি বা সরাসরি কাউকে বিশ্বাসঘাতকতর জন্য অভিযুক্তও করেননি। কিন্তু এই সময়টি দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ জার্মান গণমাধ্যম সম্প্রতি এই দম্পতির সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয় যে, দ্বিতীয় সন্তানের জন্মের পর ৪০ বছর বয়সী ন্যয়ার এবং আনিকা আলাদা হয়ে গেছেন।
এরপর বিল্ড দাবি করে যে, ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মান তারকা ন্যয়ারকে ব্রাজিলে ২৩ বছর বয়সী এক নারীর সঙ্গে দেখা গেছে। সেপ্টেম্বরে তারা দুজন সিসিলিতে একসঙ্গে সময় কাটিয়েছেন।
২০২৫ সালে আনিকা ঘোষণা করেন যে, তিনি তার ছেলের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য পেশাদার খেলোয়াড়ি জীবন থেকে বিরতি নেবেন।
এমআই/