মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান
ছবি: সংগৃহীত
১০:০১ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা, মুক্তিযুদ্ধের কথা বলা এবং সেই স্বপ্ন বাস্তবায়নের কথা বলতে গিয়ে হিমালয় পর্বতের মতো চাপ সহ্য করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
তিনি বলেন, 'মুক্তিযুদ্ধকে রক্ষা করতে গিয়ে, তার কথা বলতে গিয়ে, সেই স্বপ্ন দেখতে ও বাস্তবায়ন করতে গিয়ে আমার ওপর যে হিমালয় পর্বতের মতো চাপ সৃষ্টি করা হচ্ছে, তা সহ্য করতে হচ্ছে। আমার বিরুদ্ধে এমন চক্রান্ত চলছে, যা বাংলাদেশের কোনো রাজনীতিকের বিরুদ্ধে আগে হয়েছে কি না, আমার জানা নেই।'
শুক্রবার (২৭ নভেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর এলাকায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রথম ধনপুরে এসে নেমেছিলেন তিনি। তখন সেখানে কোনো বাড়িঘর ছিল না। সেই স্মৃতি এখনো তার মনে পড়ে। অথচ আজ মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে স্বাধীনতাবিরোধী শক্তির নানা ষড়যন্ত্র ও অপপ্রচারের শিকার হতে হচ্ছে তাকে।
তিনি আরও বলেন, 'আলবদর-রাজাকারের সন্তানেরা এবং স্বাধীনতাবিরোধী শক্তি প্রতিনিয়ত আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাচ্ছে। ইউটিউব দেখলেই বুঝতে পারবেন, আমার বিরুদ্ধে কী ধরনের চক্রান্ত চলছে। আমি বাঁচব কি না, এই চাপ সহ্য করতে পারব কি না, আল্লাহই জানেন। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন।'
তবে সত্যের জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের জয় এবং স্বাধীনতাবিরোধী শক্তির পরাজয় হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমান সত্য-মিথ্যা বুঝতে পারবেন এবং তার বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের বিচার করবেন বলে তিনি আশা করেন।
বক্তব্যের শেষ দিকে ফজলুর রহমান বলেন, 'আমি মনে করি, সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে।'
এমআই/