© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপনে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে দরকার নেই: আইনমন্ত্রী

শেয়ার করুন:
গোপনে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে দরকার নেই: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৬ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করা ব্যক্তিদের বিএনপিতে কোনো জায়গা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দলের কঠিন সময়ে এসব ব্যক্তি পাশে থাকবে না, বরং তারা দলের জন্য জঞ্জাল, আবর্জনা ও বোঝা।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে দুয়েকজন চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত। আওয়ামী লীগের সঙ্গে তাদের এখনো গোপন আঁতাত রয়েছে। তারা আওয়ামী লীগকে গোপনে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। গত ১৭ বছর এই চক্র আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিল। এ ধরনের লোকজনকে বিএনপিতে দরকার নেই।

তিনি বলেন, দুয়েকজন চাঁদাবাজ ও মাদক কারবারির অপকর্মের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে নস্যাৎ হতে দেওয়া যাবে না। তাদের ব্যক্তিগত অপকর্মের দায় পুরো দল নেবে না। বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকারও নেই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে মন্ত্রী বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে হবে। আইন মেনে মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একজন-দুজন চাঁদাবাজি করবে, আর তার দায় বিএনপিকে নিতে হবে, তা হতে পারে না। যারা দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে, তাদের এ সমাজে টিকে থাকার অধিকার নেই।

অনুষ্ঠানে পরে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জেলা পরিষদের আর্থিক সহায়তা হিসেবে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক পৌর মেয়র খলিলুর রহমান, কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরআই/

মন্তব্য করুন