ফার্নান্দেসকে নিয়ে বড় সিদ্ধান্ত ম্যানচেস্টার ইউনাইটেডের
ছবি: সংগৃহীত
১২:৩৬ এএম | ২৮ নভেম্বর, ২০২৬
ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর বিশেষ শর্ত কার্যকর করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার (২৭ নভেম্বর) দলবদলবিষয়ক পরিচিত সাংবাদিক ফাব্রিজিও রোমানো এ খবর জানিয়েছেন।
নতুন এই সিদ্ধান্তের ফলে পর্তুগিজ এই মিডফিল্ডার ২০২৮ সালের মাঝামাঝি পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই থাকছেন। এর মাধ্যমে ৩২ বছর বয়সী অধিনায়কের বিনা মূল্যে (ফ্রি ট্রান্সফার) ক্লাব ছাড়ার পথ বন্ধ করল ইউনাইটেড। তবে ক্লাবটিতে তার দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ এখনো অনিশ্চিতই রয়ে গেছে।
ফার্নান্দেসের বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত, তবে তাতে আরও এক মৌসুম মেয়াদ বাড়ানোর শর্ত যুক্ত ছিল। শর্তটি কার্যকর করার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের হাতে ডিসেম্বর পর্যন্ত সময় ছিল এবং ক্লাবটি ইতোমধ্যেই তা সেরে ফেলেছে।
রোমানোর তথ্যমতে, মূলত আর্থিক দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড। নতুন চুক্তির বিষয়ে সমঝোতা না হলে আগামী গ্রীষ্মেই যেন ফার্নান্দেস বিনা মূল্যে ক্লাব ছাড়তে না পারেন, সেটিই নিশ্চিত করতে চেয়েছে ইংলিশ ক্লাবটি।
পর্তুগিজ এই মিডফিল্ডারকে দীর্ঘমেয়াদি নতুন চুক্তির প্রস্তাবও দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইতালিয়ান এই সাংবাদিক জানিয়েছেন, গত অক্টোবর থেকেই সেই আলোচনা স্থগিত হয়ে আছে।
নিজের ইউটিউব চ্যানেলে রোমানো বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড তাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। এটি আগের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয় নয়, বরং ক্লাবে সম্পূর্ণ নতুন একটি চুক্তির প্রস্তাব। জবাবে ব্রুনো ফার্নান্দেস বলেছেন, অপেক্ষা করা যাক। এখনো কোনো সমঝোতা হয়নি।’
চুক্তির এই শর্ত কার্যকর করা হলেও আগামী গ্রীষ্মে ফার্নান্দেসের ক্লাব ছাড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রোমানো জানিয়েছেন, ফার্নান্দেসের বর্তমান চুক্তিতে প্রায় সাড়ে ৬ কোটি ইউরোর একটি ‘রিলিজ ক্লজ’ (চুক্তি ভঙ্গের শর্ত) রয়েছে, যা আগামী গ্রীষ্মে কার্যকর হবে।

ওল্ড ট্রাফোর্ডে আরও দীর্ঘ সময় থাকার ব্যাপারে ম্যানচেস্টার ইউনাইটেড ফার্নান্দেসকে রাজি করাতে পারবে কি না, তা আগামী কয়েক মাসেই স্পষ্ট হয়ে যাবে। রোমানোর মতে, এ ক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষ তার সামনে কী ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে, সেটি বড় ভূমিকা রাখবে।
ইতালিয়ান এই সাংবাদিক জোর দিয়ে বলেন, আজকের এই পদক্ষেপের মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের সুরক্ষিত করেছে। তবে মূল বিষয়টি হলো নতুন চুক্তি, বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়।
ফার্নান্দেস ক্লাব ছাড়লে ম্যানচেস্টার ইউনাইটেডের দলবদলের পরিকল্পনাতেও বড় প্রভাব পড়তে পারে। ইতালিয়ান ক্লাব কোমোর তারকা নিকো পাজের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ইউনাইটেড। আর্জেন্টাইন এই মিডফিল্ডার এবং ম্যানইউ কোচ মরিসিও পচেত্তিনো একই এজেন্সির অধীনে রয়েছেন।
রোমানো বলেন, ব্রুনো যদি চলে যান, তবে নিকো পাজ বা অন্য কোনো সৃজনশীল খেলোয়াড়ের জন্য দরজা খুলে যেতে পারে। কারণ, ওই পজিশনে ম্যানচেস্টার ইউনাইটেডের একজন খেলোয়াড়ের প্রয়োজন হবে। আপাতত শীতকালীন দলবদলের আগে ফার্নান্দেসকে ঘিরে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
একেএস