কোনো লকডাউন নেই, দেশ স্বাভাবিকভাবেই চলছে: রিজভী
ছবি: সংগৃহীত
০১:৩১ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লকডাউনের নামে যেসব কর্মসূচি দেখা যাচ্ছে, সেসব কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সন্ত্রাসীদের কর্মসূচি। দেশ স্বাভাবিকভাবেই চলছে। সন্ত্রাসীদের কোনো কার্যক্রমকে কোনোভাবেই আন্দোলন বলে মনে করেন না বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, চলমান রাজনীতিতে আজও পরাজিত শক্তি নানাভাবে, নানাদিক থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিদিন কোথাও না কোথাও তারা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, পেট্রোল ছিটাচ্ছে, বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে এবং নানাভাবে মানুষ হত্যা করে যাচ্ছে। সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, দুষ্কৃতকারীরা বিভিন্ন এলাকায় গিয়ে নিরীহ জনগণের ওপর অস্ত্র প্রয়োগ করছে। অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা এসব কীভাবে করছে? এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সদাতৎপর না হয়, তাহলে এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব—সবকিছুই প্রশ্নের মুখে পড়বে।
রিজভী আরও বলেন, দেশের জনগণ পাড়া-মহল্লায়, প্রত্যেকটি জায়গায় প্রতিরোধ গড়ে তুলছে। কিন্তু যারা বেআইনি অস্ত্র নিয়ে ঘোরে, মানুষের বাসায়, দলীয় কার্যালয়ে ও ব্যাংকে আগুন লাগায়, এসব সশস্ত্র সন্ত্রাসীকে আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা কেন এই নিষ্ক্রিয়তা দেখাচ্ছে? এটা আজ সবার কাছে প্রশ্ন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীরা এই সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ়প্রতিজ্ঞ। তারা পথে পথে এসব কর্মকাণ্ড মোকাবেলা ও প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছেন। কিন্তু বেআইনি অস্ত্র নিয়ে যারা তাণ্ডব চালাচ্ছে, তাদের আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর।
এফআর/