© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়া সফরে তালেবান প্রতিনিধি দল

শেয়ার করুন:
রাশিয়া সফরে তালেবান প্রতিনিধি দল

ছবি- সংগৃহিত

international-desk
০৭:০৬ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২১

যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন আশঙ্কায় রয়েছে তালেবান। আর তাই যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে রাশিয়ায় নোঙ্গর ফেলতে মরিয়া হয়ে উঠেছে তালেবান। তাদের একটি প্রতিনিধি দল এরই মধ্যে মস্কো সফরে রয়েছে।

মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট (এমইএমআরআই) জানিয়েছে, সম্প্রতি তালেবান প্রতিনিধিদের একটি দল রাশিয়ার মস্কো সফর করছে। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে তালেবানের অপর একটি দল রাশিয়া সফর করেছিল।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মস্কো সফররত তালেবানের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের প্রতিনিধি জামির কাবুলভ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে গৃহযুদ্ধের অবসান ঘটাতে এবং দেশটিতে কার্যকর সরকার গঠনের লক্ষ্যে মস্কো স্থিতিশীল এবং গঠনমূলক আলোচনার পক্ষে। অন্যদিকে আফগান জনগণকে একটি শান্তিপূর্ণ, স্বাধীন রাষ্ট্র গঠনে সহায়তার প্রচেষ্টা করার জন্য তালেবান প্রতিনিধিরা রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

তালেবান নেতা স্তানিকজাই বলেছেন, প্রতিনিধিরা কেবল ‘আফগানিস্তানের ভবিষ্যতের বিষয়ে মতবিনিময় এবং কিছু সদস্যের ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা করেছেন। আর মার্কিনিদের সঙ্গে হওয়া শান্তিচুক্তির বিষয়ে তালেবানরা অনঢ় থাকতে চায়। যদিও মনে হচ্ছে, যুক্তরাষ্ট্র তালেবানদের কাছ থেকে ছাড় পেতে চাইবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন