© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিয়ানমারে এক রাতে সেনাদের গুলিতে নিহত ৬০

শেয়ার করুন:
মিয়ানমারে এক রাতে সেনাদের গুলিতে নিহত ৬০
international-desk
০৩:৩৭ পিএম | ১০ এপ্রিল, ২০২১

জান্তা বিরোধী বিক্ষোভ দমাতে আরও কঠোর অবস্থান নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। শুক্রবার (৯ এপ্রিল) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সামরিক বাহিনীর অভিযানে দেশটিতে কমপক্ষে ৬০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের কাছাকাছি বাগো শহরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মৃতদের এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। লাশগুলো নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়ে গেছেন। অভিযানে সামরিক বাহিনীর সদস্যরা প্রচলিত অস্ত্রের পাশাপাশি মেশিনগান, গ্রেনেড ও মর্টারশেল ব্যবহার করেছে।

রাতভর চলা অভিযান ও লাগাতার গুলিবর্ষণে ইয়াঙ্গুন ও বাগো শহরসহ দেশটির অন্যান্য শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আল জাজিরা বলছে, নিহতদের মধ্যে মাত্র তিনজনের লাশ তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে। বাকি লাশ বিভিন্ন প্যাগোডা ও ভবনে ফেলে রেখেছে নিরাপত্তা বাহিনী।

গত বছরের নভেম্বরের নির্বাচনে দেশটির নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও ক্ষমতায় আসে। সামরিক বাহিনী ওই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে। পরে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন