দাড়ি কাটায় তালেবানের নিষেধাজ্ঞা
০৭:০২ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২১
আফগানিস্তানে দাড়ি শেভ বা ছাটাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান।
দেশটির হেলমান্দ প্রদেশে সেলুনে দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, দাড়ি কাটা ইসলামিক আইনের লঙ্ঘণ। যারা এই কাজ করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে বলেও সতর্ক করেছে তালেবোনের ধর্মীয় পুলিশ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের সেলুনগুলোতে একটি করে নোটিশ ঝুলিয়ে দিয়েছে তালেবান। সেখানে চুল ও দাড়ি কাটার ক্ষেত্রে নাপিতদেরকে শরীয়া আইন অনুসরণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজধানী কাবুলের একজন নাপিত বিবিসিকে বলেন, ‘তালেবান যোদ্ধারা প্রায়ই আসছেন এবং দাড়ি কাটা বন্ধ করতে আদেশ দিচ্ছেন। এমনকি তাদেরকে ধরতে সাদা পোশাকে ইন্সপেক্টরও পাঠানোর ঘোষণা দিয়েছে যোদ্ধারা।’
এদিকে কাবুলের সবচেয়ে বড় সেলুনগুলোর একটির একজন নাপিত বলেন, তালেবান সরকারের কর্মকর্তার পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছ থেকে তিনি ফোন পেয়েছেন। ফোনে তাকে আমেরিকান স্টাইল বন্ধ করতে এবং কারও দাড়ি শেভ বা ছাটাই করতে নিষেধ করা হয়েছে।