বাজার খুলতেই ৯ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম
১২:০৩ পিএম | ০৭ মার্চ, ২০২২
<div><div>দুদিন বন্ধ থাকার পর সোমবার (৭ মার্চ) বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই জ্বালা...
দুদিন বন্ধ থাকার পর সোমবার (৭ মার্চ) বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় ৯ শতাংশ বেড়ে গেছে। ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকেই বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। এতে জ্বালানি তেল ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ দামে উঠে এসেছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছিল। তবে রাশিয়া আক্রমণ শুরু করার পর জ্বালানি তেলের দাম বাড়ার পালে নতুন হাওয়া লাগে।
অবশ্য রাশিয়া ইউক্রেনে হামলা করলে জ্বালানি তেলের দাম একশ ডলার ছাড়িয়ে যাবে এমন আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন বাজার বিশেষজ্ঞরা। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নিউইয়র্কভিত্তিক ফরেন এক্সচেঞ্জ কোম্পানি ওনাডার বিশ্লেষক অ্যাডওয়ার্ড মোয়া বলেছিলেন, ইউক্রেনে আক্রমণ হলে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলার ছাড়াতে কোনো বাধা থাকবে না। তার মতে, ইউক্রেন পরিস্থিতি সম্পর্কিত খবরাখবরের জন্য তেলের বাজার খুবই অস্থির ও সংবেদনশীল থাকতে পারে।
রাশিয়া আক্রমণ শুরুর অল্পসময়ের মধ্যেই বাজার বিশ্লেষকদের আশঙ্কা সত্য প্রমাণিত হয়। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম একশ ডলারে ওঠে আসে। এরপর প্রতিদিন জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর এক সপ্তাহের মধ্যেই জ্বালানি তেলের দাম ২০ শতাংশের ওপরে বেড়ে যায়।
এ পরিস্থিতিতে বিশ্ববাজারে চলতি সপ্তাহের লেনদেন শুরু হতেই জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন দেখা যাচ্ছে। সোমবার (বাংলাদেশ সময় সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত) বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৮ দশমিক ৭৪ ডলার বা ৭ দশমিক ৫৬ শতাংশ। এতে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১২৪ দশমিক ৪২ ডলারে ওঠেছে। যা ২০০৮ সালের পর বা ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
অপরদিকে, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে ১০ দশমিক ২৮ ডলার বা ৮ দশমিক ৭০ শতাংশ। এতে প্রতি ব্যারেরল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ওঠেছে ১২৮ দশমিক ৩৯ ডলার। ২০০৮ সালের পর ব্রেন্ট ক্রড অয়েলের এত দাম আর দেখা যায়নি। আর প্রতি গ্যালন হিটিং অয়েলের দাম দশমিক ২৮ ডলার বা ৭ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৪ দশমিক শূন্য ৬ ডলারে ওঠে এসেছে।