ঢাকায় বিএনপি'র গণমিছিল
০৭:১৬ পিএম | ১১ আগস্ট, ২০২৩
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ শুক্রবার ঢাকার দুটি এলাকায় বিএনপির গণমি...
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ শুক্রবার ঢাকার দুটি এলাকায় বিএনপির গণমিছিল করেছে।
রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় সুবাস্তু টাওয়ারের সামনে থেকে বিএনপির নেতা-কর্মীরা গণমিছিল শুরু করেন আজ বিকেল পৌনে চারটার দিকে। এই মিছিল মালিবাগ এলাকায় গিয়ে শেষ হয়।
বিএনপির আরেকটি গণমিছিল শুরু হয় বিকেল পৌনে চারটায় কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে। এই মিছিলও মালিবাগে গিয়ে শেষ হয়।
গণমিছিলের আগে দুই জায়গাতেই বেলা দেড়টা থেকে বিএনপির নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন।
কমলাপুর স্টেডিয়ামের দক্ষিণ পাশের খোলা জায়গায় একটি পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। বিকেল পৌনে তিনটা থেকে গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
উত্তরা বাড্ডাতেও গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। বিএনপির দুটি মিছিলকে কেন্দ্র করে ঢাকার সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।