চট্টগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা: বাবা-ছেলেসহ গ্রেপ্তার চার
নিহত সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল
চট্টগ্রামে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় বাবা-ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে নগরীর ডবলমুরিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান।
গ্রেপ্তার চারজন হলেন- রমজান আলী কিরণ (৩০), মো. ইকবাল (২১), মো.লালন (৫০) এবং তার ছেলে শাকিল খান শামীম (১৯)।
সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতে হাজির করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
৭ জানুয়ারি পাহাড়তলী বাজারে ‘গণপিটুনির ঘটনায় নিহত হন’ সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল। তখন স্থানীয় ব্যবসায়ী ও পুলিশের পক্ষ থেকে মহিউদ্দিন সোহেলকে ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ’ হিসেবে দাবি করা হয়। তবে পরদিন তার পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বলা হয়, মহিউদ্দিন সোহেল কোনো ছিঁচকে চাঁদাবাজ কিংবা সন্ত্রাসী ছিলেন না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় ডবলমুরিং থানায় স্থানীয় কাউন্সিলর সাবের আহমেদকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন মহিউদ্দিন সোহেলের ছোট ভাই মো. শাকিরুল ইসলাম শিশির। মামলায় ২৭ জনকে এজাহারনামীয় আসামি ও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মহিউদ্দিন সোহেল চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ছিলেন।
টাইমস/এইচইউ