© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নটর ডেম গির্জা পুনর্নির্মাণে সহযোগিতা করতে চায় জাপান

শেয়ার করুন:
নটর ডেম গির্জা পুনর্নির্মাণে সহযোগিতা করতে চায় জাপান
international-desk
০২:৪৮ পিএম | ১৬ এপ্রিল, ২০১৯

ফ্রান্সের রাজধানী প্যারিসের পুড়ে যাওয়া বিখ্যাত নটর ডেম গির্জা পুনর্নির্মাণে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে জাপান। মঙ্গলবার দেশটির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জাপান টুডে।

আইকনিক ক্যাথলিক এই গির্জাটি পুড়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে জাপানের মন্ত্রিসভার প্রধান সচিব ইয়োশিশিদে সুগা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফ্রান্স সরকার যদি চায় তাহলে জাপান এ ব্যাপারে সহযোগিতা করবে।’

‘ঐতিহাসিক এই গির্জাটি পুড়ে যাওয়া বিশ্বের জন্য ক্ষতি। আমরা এই ঘটনায় দুঃখ প্রকাশ করছি।’

ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত নটর ডেম গির্জায় সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গির্জার সুউচ্চ চূড়াসহ ছাদ ধসে পড়েছে।

দ্বাদশ শতাব্দীর অনন্য নির্মাণশৈলীর গির্জাটি দেখতে প্রতিবছর লাখো পর্যটক প্যারিসে ভিড় করেন। সোমবারের আগুনে পুড়ে মধ্যযুগের গির্জাটির মারাত্মক ক্ষতি হয়েছে।

দু'শ বছরে তৈরি স্থাপনা কয়েক ঘণ্টার আগুনে ছারখার

জাপানের বিভিন্ন তারকারাও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

পুরস্কার জয়ী অভিনেত্রী কেইকো কিশি, যিনি এখন প্যারিসের বাসিন্দা। ১৯৮৩ সালে ‘দ্য মাকিওকা সিস্টার্স’- চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

তিনি বলেন, ‘নটর ডেম গির্জা প্যারিসের একটি প্রতীক। আমি প্রায়ই গির্জার পাশে সেইনি নদীর তীরে হাঁটতে যাই।’

‘এটি খুবই দুঃখজনক যে এমন একটি স্থাপত্য এভাবে পুড়ে গেল। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এটি অক্ষত ছিল।’

১২ শতকে এই ক্যাথেড্রালের কাজ শুরু হলেও প্রায় ২০০ বছর পর এর কাজ সমাপ্ত হয়। ক্যাথেড্রালের খিলান ও বাইরের অংশ গোথিক শিল্পশৈলীতে তৈরি। নটর ডেম ক্যাথেড্রালে দৈর্ঘ্য ১২৭ মিটার ও প্রস্থ ৪০ মিটার, ছাদের উচ্চতা ৩৩ মিটার। ক্যাথেড্রালটিতে দুটি সুউচ্চ চূড়া রয়েছে, যা আগুনে ভেঙে পড়েছে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন