তৃতীয় সপ্তাহে মালয়ালম ইন্ডাস্ট্রিতে রেকর্ড গড়লো মোহনলাল অভিনীত ‘এল টু: এমপুরান’
ছবি: সংগৃহীত
০৬:৫৯ পিএম | ১৯ এপ্রিল, ২০২৫
চলতি বছরে রেকর্ড গড়লো মোহনলাল অভিনীত ‘এল টু: এমপুরান’ মালয়ালম সিনেমা। গত ২৭ মার্চ মুক্তি পাওয়া সিনেমাটি মুক্তির মাত্র তিন দিনেই ১০০ কোটির মাইলফলক পেরিয়েছিল। আর ১০ দিনেই পেরিয়েছে ২৫০ কোটির মাইলফলক।
স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির তৃতীয় সপ্তাহে এসে ২২তম দিনে এই সিনেমার আয় ১০৫.৪৭ কোটি রুপি (ইন্ডিয়া নেট)।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমা হলে এখনো এমপুরান দেখতে দর্শকের যে আগ্রহ দেখা যাচ্ছে, তাতে অচিরেই প্রথম মালয়ালম সিনেমা হিসেবে তিন শ কোটির ঘরও পেরোতে পারে পৃথ্বীরাজ সুকুমারণ পরিচালিত এমপুরান। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘লুসিফার’ সিনেমার সিকুয়েল। ৩০ কোটি বাজেটে তৈরি লুসিফার আয় করেছিল ১২০ কোটি রুপির বেশি। দ্বিতীয় পর্ব এমপুরানের ক্ষেত্রে বাজেট কয়েক গুণ বাড়িয়ে ১৮০ কোটি করেছিলেন নির্মাতা, সাড়াও পাচ্ছেন কয়েক গুণ বেশি।
জানা গেছে, ২০০২ সালে ভারতের গুজরাটে ঘটে যাওয়া এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, যেটি গুজরাট রায়ট নামে পরিচিত, সে ঘটনার কিছু অংশ উঠে এসেছে এমপুরান সিনেমায়। আর এতেই ক্ষিপ্ত হয়েছে বিজেপি ও আরএসএসের নেতারা। সিনেমাটি মুক্তির পর থেকেই নানাভাবে উসকানি দিয়ে আসছিল বিজেপি ও আরএসএসের নেতারা।
তাদের তীব্র বিরোধিতার মুখে এমপুরান আবার দেখেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। ১৭টি দৃশ্যে সংশোধনী দেন তারা। নির্মাতারা মেনেও নেন। সেসব দৃশ্য বাদ দিয়ে হলে এখন নতুন সংস্করণ চললেও দর্শকদের আগ্রহে এতটুকু ভাটা পড়েনি। রাজনৈতিক বিতর্কে বরং নতুনভাবে হাওয়া লেগেছে এমপুরানের সাফল্যের পালে।
এসএম/এসএন