'দিওয়ানিয়ত' এ একসঙ্গে পর্দায় আসছেন হার্শ ও সোনম
ছবি : সংগৃহীত
০৮:০৬ পিএম | ১৯ এপ্রিল, ২০২৫
ভালোবাসা আর হৃদয় ছুঁয়ে যাওয়া সুরের গল্প নিয়ে অবশেষে ফ্লোরে গেল ‘দিওয়ানিয়ত’। মুম্বাইয়ে শুরু হয়েছে শ্যুটিং। এই রোম্যান্টিক সংগীতনির্ভর নাট্যচিত্র পরিচালনা করছেন মিলাপ মিলান জাভেরি, আর মুখ্য ভূমিকায় রয়েছেন হার্শবর্ধন রানে এবং সোনম বাজওয়া।
এই প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন হার্শ ও সোনম। দুজনের কেমিস্ট্রি নিয়ে পরিচালক জানিয়েছেন, এই জুটি এক নিখাঁদ ভালোবাসার গল্পে প্রাণ আনবে।
হার্শবর্ধন এর আগে ‘সনম তেরি কসম’-এর মতো হৃদয়ছোঁয়া চরিত্রে নজর কেড়েছেন। এবারও তাঁর মুখে শোনা গেল আন্তরিকতা ভরা অভিব্যক্তি এই ছবির গল্প সত্যিকারের অনুভূতির উপর দাঁড়ানো, আর সোনমের সঙ্গে কাজ করাটাও তাঁর কাছে বিশেষ আনন্দের।
সোনম বাজওয়ার জন্যও এটি এক নতুন অভিজ্ঞতা। অনুরাগীরা ইতিমধ্যেই তাঁদের এই নতুন জুটিকে স্বাগত জানিয়েছেন উচ্ছ্বাসে।
ছবির কেন্দ্রে আছে সুর। প্রযোজক অঁশুল গার্গ এই ছবির মাধ্যমেই তাঁর প্রযোজনা সংস্থা ‘দেশি মুভিজ ফ্যাক্টরি’ নিয়ে হাজির হচ্ছেন চলচ্চিত্র জগতে। তাঁর মতে, ‘দিওয়ানিয়ত’-এ গান কেবল আবহ নয়, বরং গল্পের চালিকাশক্তি। সুরের হাত ধরেই এগোবে কাহিনি।
ছবির চিত্রনাট্য লিখেছেন মিলাপ মিলান জাভেরি ও মুশতাক শেখ। প্রথম শিডিউলের শ্যুটিং চলছে মুম্বাইয়ে, আর শুরুর দিনেই মহারত শট নিয়ে শুরু হয়েছে শুভ যাত্রা।
২০২৫ সালের শেষে মুক্তি পাওয়ার সম্ভাবনা। হৃদয়স্পর্শী প্রেমের গল্প আর হৃদয়ে বাজা সুরের ছোঁয়ায় ‘দিওয়ানিয়ত’ হয়ে উঠতে পারে বছরের অন্যতম রোম্যান্টিক চলচ্চিত্র।
এই জুটির গানে ভরা ভালবাসার উপাখ্যান হয়তো দর্শকদের সামনে নিয়ে আসবে নতুন এক বিচ্ছেদের সংগীত, যা হৃদয়ে গেঁথে থাকবে দীর্ঘদিন।
এমআর/এসএন