বিরতি ভেঙে লাইট-ক্যামেরা-অ্যাকশনে টয়া
ছবি: সংগৃহীত
০৪:৪০ পিএম | ২৭ এপ্রিল, ২০২৫
নাচ, অভিনয় আর উপস্থাপনা—তিন ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মুমতাহিনা চৌধুরী টয়া। প্রায় দেড় দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিছবিতে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। ওয়েব ও চলচ্চিত্রেও কাজ করেছেন এই লাক্স সুন্দরী।
তবে বিয়ের পর কাজ থেকে কিছুটা দূরে সরে যান টয়া। মাঝেমধ্যে কাজ করলেও নিয়মিত ছিলেন না। ২০২৩ সালের মাঝামাঝিতে তপু খান পরিচালিত ‘ভালোবাসার রঙ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সর্বশেষ শুটিং করেন তিনি। এরপর প্রায় দেড় বছরের বিরতি।
অবশেষে আবারও টেলিভিশনের পর্দায় ফিরলেন টয়া। উপস্থাপনার মাধ্যমে নতুন করে শুরু করলেন কাজ। দীর্ঘদিন শুটিংয়ের বাইরে থাকার কারণে প্রথম দিকে কিছুটা অস্বস্তি হলেও দ্রুত মানিয়ে নিয়েছেন বলে জানা গেছে। অনুষ্ঠানটি উপভোগ করেছেন বলেও জানিয়েছেন তিনি।
টয়ার ভাষ্য অনুযায়ী, তিনি কখনও শোবিজ ছেড়ে যাননি। ব্যক্তিগতভাবে কিছুটা সময় প্রয়োজন ছিল বলেই অভিনয় কমিয়েছিলেন। সংসার, পরিবার ও নিজের জন্য সময় বের করার পাশাপাশি এই সময়ে বিপণন খাতেও কাজ করেছেন।

বিরতির কারণ হিসেবে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন একই ধরনের গল্প ও চরিত্রে কাজ করতে করতে একঘেয়েমি চলে এসেছিল। নতুন ধরনের গল্প বা ভিন্নমাত্রার চরিত্র পাচ্ছিলেন না। নিজের ভেতরে পরিবর্তন আনা এবং ভিন্নভাবে নিজেকে উপস্থাপনের মতো চিত্রনাট্যের অপেক্ষায় ছিলেন তিনি।
দর্শকের প্রত্যাশাকেও গুরুত্ব দিচ্ছেন টয়া। তাঁর মতে, গড়পড়তা কাজ দিয়ে দর্শকের সঙ্গে প্রতারণা করা যায় না। তাই ভেবে-চিন্তেই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
উপস্থাপনায় ফেরার পর অভিনয়েও নিয়মিত হওয়ার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে কয়েকজন নির্মাতার সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। সিনেমা নিয়েও কথাবার্তা এগোচ্ছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই নতুন কাজের ঘোষণা আসতে পারে।
দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে কাজে ফেরা টয়ার এই প্রত্যাবর্তন দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
এমআর/টিএ