© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেষ হতে না হতেই আবার শুরু আইরিনের!

শেয়ার করুন:
শেষ হতে না হতেই আবার শুরু  আইরিনের!
entertainment-reporter
০৫:২৪ পিএম | ১৭ জুন, ২০১৯

ঢালিউড নায়িকা আইরিন সুলতানা। গেল মাসেই তিনি কলকাতা থেকে কাজ করে ফিরেছেন। ওই সময় কলকাতায় তিনি শেষ করেন ‘শুভরাত্রি’ সিনেমার কাজ। এটি নির্মাণ করেছেন রাজা দীপ্ত বন্দ্যোপাধ্যায়। এতে তার বিপরীতে আছেন সুমন চ্যাটার্জি এবং রাজা দীপ্ত।

এদিকে, সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে? তা এখনো জানেন না আইরিন। তবে ছবি মুক্তির বিষয়ে জানা না জানা এই নায়িকা এরই মধ্যে কলকাতায় আবারো শুরু করতে যাচ্ছেন নতুন একটি সিনেমার কাজ।

রোববার বাংলাদেশ টাইমস প্রতিনিধির সঙ্গে মুঠোফোনে আলাপকালে আইরিন বলেন, আমি এবার কলকাতায় নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করছি। এর নাম ‘কাউন্ট ডাউন’। মূলত এটি একটি অফট্র্যাকধর্মী সিনেমা। প্রথমে ঈদুল ফিতরের পর পরই এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল, তবে ঠিক সময়ে তা শুরু হতে পারেনি। এই জন্য ছবির পরিচালক একটু সময়ও চেয়েছেন।

তবে সিনেমাটিতে আইরিনের চরিত্র কেমন হবে? এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, এই সিনেমায় আমার চরিত্রের নাম মৌলি। যিনি একজন সাংবাদিক। এতে আমার কাজ হবে সমাজের নির্যাতিত নারীদের নিয়ে নানা ধরনের প্রতিবেদন তৈরি করে খবরে প্রকাশ করা।

মূলত নিজের চরিত্র নিয়ে বেশ উচ্ছ্বসিত আইরিন। বলেন, মৌলি চরিত্রটি আমার কাছে দারুণ লেগেছে। সাংবাদিকতা পেশার প্রতি আমার অনেক শ্রদ্ধা, ভালোবাসা। যে কারণে এই ধরনের চরিত্রের প্রতি দুর্বলতাও রয়েছে। তাই এই চরিত্রটিতে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার বিশ্বাস খুব উপভোগ্য হবে কাজটি।

তবে এই সিনেমায় আইরিনের বিপরীতে কে থাকছেন? এমন প্রশ্নে নায়িকার উত্তর, এই সিনেমাটি মূলত অফট্র্যাকধর্মী সিনেমা। তাই এতে নায়ক হিসেবে তেমন কাউকে দেখা যাবে না। আর ‘কাউন্ট ডাউন’র গল্পই হচ্ছে প্রধান বিষয়।

প্রসঙ্গত, আইরিন এরইমধ্যে সিনেমার পাশাপাশি একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। অনন্য মামুনের নির্দেশনায় সিরিজটির নাম ‘ধোঁকা’। এতে তার বিপরীতে আছেন এবিএম সুমন।

 

টাইমস/জেকে/জেডটি

 

মন্তব্য করুন