© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮ দফা বাস্তবায়নে সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপ দাবি

শেয়ার করুন:
৮ দফা বাস্তবায়নে সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপ দাবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৪ পিএম | ০৮ মে, ২০২৫
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সংস্কারের রোডম্যাপ দাবি করে ৮ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল করেছে পিএসসি সংস্কার আন্দোলনের কর্মীরা। আগামী সোমবারের (১২ মে) মধ্যে বাস্তবায়নের দাবি জানান তারা।

বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৪ টায় ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি লাইব্রেরির সামনে থেকে কলা ভবন হয়ে টিএসসি ঘুরে শাহবাগ পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা ‘এই মুহূর্তে দরকার, পিএসসি সংস্কার’, ‘দালালি না সংস্কার, সংস্কার সংস্কার’, ‘তারুণ্যেের অঙ্গীকার, পিএসসি সংস্কার’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশ পিএসসি সংস্কার আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল ২৪ এর গণঅভ্যুত্থানের পরে পিএসসি সংস্কার হয়ে যাবে। কিন্তু আজও আমরা সংস্কারের আলোর মুখ দেখতে পাইনি। আজ আমাদের পিএসসি সংস্কারের জন্য রাজপথ নেমে আসতে হচ্ছে।

তিনি বলেন, গত ১৭ এপ্রিল পিএসসির চেয়ারম্যানসহ সরকারের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে অনশনরত ও আন্দোলনকারী পরীক্ষার্থীদের প্রধান দাবি ৪৬তম বিসিএসের ৮ মে তারিখের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। আমাদের আশ্বস্ত করা হয়েছিল ছাত্রদের সাথে কথা বলে একটি সংস্কার কমিশন গঠন করা হবে, যেখানে আট দফা দাবিগুলো সমাধান করা হবে। যেখানে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়েছে। আশ্বাস দেওয়ার ৮ দিন পরও প্রশ্নফাঁসে জড়িতদের বিচার নিশ্চিত করা হয়নি। এমনকি বিগত সিন্ডিকেটের উৎখাতও সম্ভব করা যায়নি।

তিনি আরও বলেন, আমরা প্রাক যাচাই প্রক্রিয়ার সমাধান চাই। প্রাক যাচাইয়ের মাধ্যমে হয়রানিমূলক প্রক্রিয়ার সমাধান চাই। আমাদের অতিদ্রুত ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ প্রদান করতে হবে।

এসময় আগামী সোমবারের ভেতরে সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রূপরেখা ও ৮ দফা দাবি বাস্তবায়নে রোডম্যাপ চায় পিএসসি সংস্কার আন্দোলন।

এসএন 


মন্তব্য করুন