© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টাকে সময় নেওয়ার আহ্বান নুরের

শেয়ার করুন:
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টাকে সময় নেওয়ার আহ্বান নুরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৭ এএম | ১৭ জুন, ২০২৫
গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, “প্রধান উপদেষ্টা আপনি যখন মনে করবেন নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, তখনই নির্বাচন দিন। এমন নয় যে কোনও দলের চাপে পড়ে, বা কোনও দল লেভেল প্লেইং ফিল্ড বললেই তড়িঘড়ি করে নির্বাচন ঘোষণা করতে হবে।”

তিনি বলেন, “নির্বাচনের পূর্বশর্ত হল — রাজনৈতিক ভারসাম্য, সভা-সমাবেশের স্বাধীনতা, নির্বাচনী এলাকায় অবস্থানের সুযোগ এবং প্রশাসনের নিরপেক্ষতা। এই বাস্তবতা না আসা পর্যন্ত কোনো রোডম্যাপ ঘোষণা করা উচিত নয়।”

সোমবার (১৬ জুন) রাতে পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নুর আরও বলেন, “আজকে নির্বাচন হয়নি, একটি রাজনৈতিক সরকারও গঠিত হয়নি। বিএনপি ছাড়া আর কোনও দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নেই। কারণ, অন্যরা হয়তো অনেক আগেই টের পেয়েছে এই নির্বাচন-পরিবেশ বাস্তব নয়।”

তিনি বলেন, “আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি—এলাকায় এসে বুঝেছি বাস্তব পরিস্থিতি। ঢাকায় গিয়ে ইউনুস সরকারের পক্ষে যেসব জোরালো বক্তব্য দিয়েছিলাম, এখন মনে হয় সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে।”

তিনি আক্ষেপ করে বলেন, “অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা একটি পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু গত দশ মাসে সেই স্বপ্ন পূরণের লক্ষণ স্পষ্ট নয় — না রাজনৈতিক, না সামাজিক, না প্রশাসনিক।”

নুরুল হক নুর বলেন, “ইউনুস সরকারকে বলতে চাই, আপনারা সময় নিন, কিন্তু পুরো প্রশাসনকে পরিষ্কার করে নতুনভাবে সাজান। প্রশাসন চলবে সরকারের নিয়ন্ত্রণে, কোনও রাজনৈতিক আঞ্চলিক নেতার ইশারায় নয়।”
আওয়ামী লীগের পতনকে ইঙ্গিত করে তিনি বলেন, “সেখান থেকে রাজনৈতিক নেতারা শিক্ষা নিক।”

অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/টিএ 

মন্তব্য করুন