সিলেট থেকে বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের প্রচার শুরু
হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করতে বুধবার সিলেটে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। মাজার জিয়ারতের মধ্য দিয়েই তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।
মঙ্গলবার ঐক্যফ্রন্টের মিডিয়া ও প্রচার সেলের কর্মকর্তা মেহেদী মাসুদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বুধবার দুপুরের ফ্লাইটে সিলেট যাবেন। সেখানে বেলা তিনটার পরে মাজার জিয়ারত করে পথসভায় অংশ নেবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, কামাল হোসেনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বেলা দেড়টার ফ্লাইটে সিলেট যাবেন।
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। নির্বাচনে ১ হাজার ৮৪১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা প্রচারকাজ শুরু করে দিয়েছেন।
টাইমস/এইটইউ