© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবক দল কর্মীকে কুপিয়ে হত্যা

শেয়ার করুন:
বগুড়ায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবক দল কর্মীকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

own-reporter-bogura
০৩:৩৯ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২০

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম আপেল মাহমুদ (৩০)। এসময় আপেলের বড় ভাই আল মামুনকে (৪০) কুপিয়ে আহত করা হয়েছে।

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম আপেল মাহমুদ (৩০)। এসময় আপেলের বড় ভাই আল মামুনকে (৪০) কুপিয়ে আহত করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মহাস্থানহাট থেকে মোকামতলার দিকে যাওয়ার পথে চন্ডিহারা খোলাগাছি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আপেল মাহমুদ বগুড়া সদর উপজেলার পলাশবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী। আহত আল মামুন গোকুল ইউনিয়ন বিএনপির সদস্য এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী সনি হত্যা মামলার অন্যতম আসামি। আহত আল মামুনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনই পেশায় মহাস্থানবাজারের মাংস ব্যবসায়ী।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, আপেল ও তার বড় ভাই আল মামুন সকালে গরু কেনার জন্য বাড়ি থেকে গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের চন্ডিহারা খোলাগাছি মোড় এলাকায় দুর্বৃত্তরা তাদের পথরোধ করেন। এরপর তাদের পার্শ্ববর্তী মাঠে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই আপেল মারা যান। হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আল মামুনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অন্তঃকোন্দল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সনি হত্যার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলায় আহত আল মামুন নিজেও সনি হত্যা মামলার আসামি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন