একজনে মারে আরেকজনে ছাড়ে, দেশে কোনো বিচার নেই : ভিপি নুর
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে আটকের কয়েক ঘন্টা পরে ছেড়ে দেয়া হয়েছে। সোমবার রাতে ঢাকা মেডিকেল থেকে মুক্তির পর গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন ভিপি নুর।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে আটকের কয়েক ঘন্টা পরে ছেড়ে দেয়া হয়েছে। সোমবার রাতে ঢাকা মেডিকেল থেকে মুক্তির পর গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন ভিপি নুর। ভিপি নুরের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আকতার।
নুরুল হক নুর বলেন, আমাকে কেন গ্রেপ্তার করা হলো, কেন ছেড়ে দেয়া হলো, কেন আমাদের ওপর আক্রমণ করা হলো, কিছুই বুঝতে পারিনি। আমাদের ওপর এরকম হামলা-মামলা প্রায়ই হয়। একজন আমাদের মারে, আরেকজন এসে গ্রেপ্তার করে আবার আরেকজনে ছেড়ে দেয়। এভাবেই চলছে দেশ। দেশে কোনো আইন নেই, বিচার নেই। তাই জনগনের কাছেই আমি বিচার দিলাম।
তিনি আরও বলেন, আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, কেন ছেড়ে দেয়া হয়েছে তার কিছুই আমি বুঝতে পারিনি।
নুর বলেন, মুচলেকা নিয়ে তারা (ডিবি) আমাকে ছেড়ে দিয়েছে। সেখানে (ডিবি কার্যালয়ে) আমাদের সঙ্গে ভালো ব্যবহারও করেছে প্রশাসনের লোকজন।
আরও পড়ুন- ভিপি নুর মুক্ত
নুরুল হক নুর আরও বলেন, আমরা ছাত্র নেতা, আমরা তো অপরাধী নই। শান্তিপূর্ণভাবে আন্দোলন শেষ করে আমরা ফিরে আসছিলাম। কিন্তু আচমকা কোন কারণ ছাড়াই পুলিশ আমাদের ওপর হামলা করল। আমাদের কয়েকজনের অবস্থা খুবই খারাপ। তারা হাসপাতালে চিকিৎসাধীন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
এর আগে রাজধানীর শাহবাগে বিক্ষোভের পর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ সাত জনকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরে ভিপি নুরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখান থেকেই পরে ভিপি নুরকে ছেড়ে দেয় ডিবি পুলিশ।
প্রসঙ্গত, গত রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই মামলায় ৬ আসামির মধ্যে নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে। ওই মামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করেন ভিপি নুর ও তার সমর্থকরা। সেখান থেকেই তাদের আটক করা হয়।
টাইমস/এসএন