© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুবলীকে স্থায়ীভাবে বহিষ্কার করল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন:
বুবলীকে স্থায়ীভাবে বহিষ্কার করল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
own-reporter
০৬:২১ পিএম | ২০ অক্টোবর, ২০১৯

বিএ পরীক্ষায় জালিয়াতির কারণে নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাংসদ তামান্না নুসরাত ওরফে বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কার ও ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার সকালে বাউবির উপাচার্য (ভিসি) অধ্যাপক এম এ মান্নান এক জরুরি সভা করে ওই সিদ্ধান্ত নেন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও নরসিংদী জেলা প্রশাসনের এক চিঠির ভিত্তিতে আজ বুবলীর বিষয়ে বাউবির এ সভা ডাকা হয়।

সভায় ভিসি বলেন, পরীক্ষা চলাকালীন তামান্না নুসরাত বুবলী ঢাকায় অবস্থান করছিলেন। নিজে পরীক্ষায় অংশ নেননি। তার পক্ষে পরপর ৮টি পরীক্ষায় অংশ নেন প্রক্সি পরীক্ষার্থীরা। তবে শেষ দিনের পরীক্ষা দিতে গিয়ে হলে হাতেনাতে ধরা পড়েছেন এক পরীক্ষার্থী। এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রাথমিক তদন্ত শেষে তাকে বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ। একই সঙ্গে জালিয়াতির বিষয়টি আরও তদন্তে কলেজের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজকের সভায় সাংসদ তামান্নার সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল, তাকে স্থায়ীভাবে বহিষ্কার ও ঘটনা তদন্তে বাউবির পক্ষে থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান হলেন সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। কমিটির অন্য সদস্যরা হলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান উকিল, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস ডিভিশনের পরিচালক আনিস রহমান ও ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আহমেদ সেলিম। তদন্ত কমিটিকে তিন দিন সময় দেয়া হয়েছে।

সভায় জানানো হয়েছে, তামান্না নুসরাত বাউবির কোনো প্রোগ্রামে আর ভর্তি হতে পারবেন না। যারা প্রক্সি পরীক্ষা দিয়েছেন, তাদের পরিচয় বের করে ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হবে। তামান্না নুসরাতের এ ধরনের কাজ বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করেছে।

সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত। ২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন গুলিতে নিহত হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জমা দেয়া হলফনামা অনুযায়ী, তামান্না নুসরাত এইচএসসি পাস। তবে নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নিতে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ কোর্সে ভর্তি হন। তিনি ঢাকায় থাকলেও তার হয়ে নরসিংদীতে বিএ পরীক্ষা দিচ্ছেন প্রক্সি পরীক্ষার্থীরা। এ পর্যন্ত আটজন ছাত্রী এই নারী সাংসদের হয়ে পরীক্ষা দিয়েছেন বলে গণমাধ্যমের খবরে প্রকাশ।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন