© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় দম্পতি কারাগারে: অসহায় দুধের শিশু

শেয়ার করুন:
নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় দম্পতি কারাগারে: অসহায় দুধের শিশু
international-desk
০৬:২৯ পিএম | ২৬ ডিসেম্বর, ২০১৯

রবি শেখর ও একতা। সম্পর্কে স্বামী-স্ত্রী। এই দম্পতির রয়েছে আরিয়া নামে ১৪ মাস বয়সী দুধের সন্তান। কিন্তু ভারতীয় পুলিশ এই দম্পতিকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। তাদের অপরাধ ভারতের জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) ও সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে অংশ নেয়া।

বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে জানা যায়, গত ১৯ ডিসেম্বর দেশটির উত্তর প্রদেশ রাজ্য থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা নির্বাচনী এলাকা বারাণসীর বাসিন্দা।

এ বিষয়ে রবি শেখরের মা শিলা তিওয়ারি বলেন, আমার ছেলে কোনো অপরাধ করেনি। তাহলে কেন পুলিশ তাকে গ্রেপ্তার করলো? সে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল। আপনি ভাবতে পারেন তাদের শিশুটি কীভাবে তার মাকে ছাড়া আছে?

তিনি আরও বলেন, শিশু আরিয়া তার মায়ের অনুপস্থিতিতে কিছুই খাচ্ছে না। আমরা কোনোমতে তাকে চামচ দিয়ে খাওয়াচ্ছি। সে সব সময় বলে, 'আম্মা আও, পাপা আও' (মা আসো, বাবা আসো)। আমরা জানি না কী করতে হবে।

সম্প্রতি ভারতজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যূতে চলছে আন্দোলন। আন্দোলনে পুলিশের গুলিতে বিভিন্ন রাজ্যে অন্তত ২৩জন নিহত হয়েছেন। অনেক আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দু'জন পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে থাকার ফলে অসহায় হয়ে পড়েছে তাদের ১৪ মাসের দুধের শিশু আরিয়া।

জানা গেছে, গত কয়েকদিন ধরে বারাণসীতে ৬০ জনের বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন রবি-একতা দম্পতি। তারা "ক্লাইমেট এজেন্ডা" নামের একটি বায়ু দূষণ সম্পর্কিত সচেতনতামূলক এনজিও চালান।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন