© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রেললাইনে ঘুম, ভারতে ট্রেনে কেটে ঘরমুখি ১৭ শ্রমিক নিহত

শেয়ার করুন:
রেললাইনে ঘুম, ভারতে ট্রেনে কেটে ঘরমুখি ১৭ শ্রমিক নিহত
international-desk
০৪:৫৯ পিএম | ০৮ মে, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতে লকডাউন চলছে। এ অবস্থায় মধ্যপ্রদেশের শ্রমিকরা দেশটির মহারাষ্ট্রে গিয়ে আটকে পড়েন। কিন্তু অনেকদিন আটকে থাকার পর বেশ কয়েকজন শ্রমিক রেললাইন ধরে পায়ে হেটে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে ফিরছিলেন। পথে তারা ক্লান্ত হয়ে গেলে রেললাইনেই ঘুমিয়ে পড়েন। তাদের ধারণা ছিল, লকডাউনে ট্রেনসহ সব যানবাহন বন্ধ।

কিন্তু ভাগ্যের করুণ পরিণতি! শুক্রবার সকালে মহারাষ্ট্রের আওরঙ্গবাদ জেলায় মালগাড়ির নিচে ঘুমন্ত অবস্থায় কাটা পড়েন মধ্যপ্রদেশের ওই ১৭ জন পরিযায়ী শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।

ভারতীয় রেলসূত্র জানিয়েছে, হতাহত শ্রমিকরা দীর্ঘদিন মহারাষ্ট্রে আটকে থাকার পর রেললাইন ধরে হেঁটেই মধ্যপ্রদেশে তাদের নিজ নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আওরঙ্গবাদের করমাদ থানা এলাকায় ক্লান্ত হয়ে রেললাইনের ওপর তারা ঘুমিয়ে পড়েন। সেখানেই একটি মালগাড়িতে কেটে ১৭ শ্রমিক নিহত হন।

এঘটনায় মধ্যপ্রদেশের পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের দিকে রওনা দেয়া শ্রমিকরা ভেবেছিলেন, লকডাউনের কারণে ট্রেন চলাচল করবে না। আর তাই তারা দীর্ঘ পথের ক্লান্তি দুর করতে রেললাইনেই ঘুমিয়ে পড়েন।

মালগাড়ির চালক একদল মানুষকে রেললাইনের ওপর শুয়ে থাকতে দেখে ট্রেন থামানোর চেষ্টা করেও তিনি ব্যর্থ হন বলে দাবি করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। এ ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করেছে দেশটির রেল কর্তৃপক্ষ।

 

 

টাইমস/এসএন

মন্তব্য করুন