মির্জা ফখরুলের আহ্বান উপেক্ষা করলেন পরিবহন মালিক-শ্রমিকরা
ছবি: সংগৃহীত
০৫:৫৫ পিএম | ০১ মার্চ, ২০২৬
মির্জা ফখরুলের অনুরোধ রাখলেন না পরিবহন মালিক-শ্রমিকরা, উদ্বোধনের দিনই এমন বাস্তব চিত্র ফুটে উঠেছে ঠাকুরগাঁওয়ে।
শনিবার কেন্দ্রীয় বাস টার্মিনালকে দূরপাল্লাগামী কোচের কাউন্টার হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানান, শহরের ভেতরে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা বন্ধ করে টার্মিনাল থেকেই সব কার্যক্রম পরিচালনা করতে। তার ভাষায়, এতে শহরের যানজট কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে।
কিন্তু উদ্বোধনের কয়েক ঘণ্টা পরই দেখা যায়, নতুন টার্মিনালের কাউন্টারগুলো প্রায় ফাঁকা। সেখানে নেই দূরপাল্লার বাস বা যাত্রী। বিপরীতে শহরের প্রধান সড়কেই আগের মতো দাঁড়িয়ে ঢাকাগামী কোচে যাত্রী ওঠানামা চলছে। ফলে যানজট ও বিশৃঙ্খলার চিত্র অপরিবর্তিত থাকে।
সংশ্লিষ্ট মহল জানিয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিক বরাদ্দ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। ঈদুল ফিতর সামনে থাকায় হঠাৎ পরিবর্তনে বিভ্রান্তির আশঙ্কার কথাও বলা হচ্ছে। তবে উদ্বোধনের দিনেই টার্মিনাল ব্যবহার না হওয়ায় প্রশ্ন উঠেছে, মন্ত্রীর আহ্বান বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ কত দ্রুত নেওয়া হবে।
এ অবস্থায় শহরবাসীর দৃষ্টি এখন প্রশাসনের দিকে, ঘোষণার পর বাস্তবে কতটা পরিবর্তন আসে, সেটিই এখন বড় প্রশ্ন।
আইকে/টিএ