পেমেন্ট আমাদের প্রথম অগ্রাধিকার, অ্যান্টি-করাপশন ছিল দ্বিতীয়: ইফতেখার রহমান মিঠু
ছবি: সংগৃহীত
০৭:৪৭ পিএম | ০১ মার্চ, ২০২৬
বিপিএলের সবশেষ আসর শেষ হয়েছে মাস খানেকের বেশি সময়। তবে ক্রিকেটারদের বকেয়া বাকি ছিল কয়েকটি দলের। আজ রোববার নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্সের টাকা পরিশোধ করা হয়েছে। সবমিলিয়ে ৬ দলের মধ্যে ৫ দলের টাকা পরিশোধ হয়েছে।
বাকি রয়েছে কেবল ঢাকা ক্যাপিটালসের। বিপিএল শুরুর আগে দেয়া সেই কথা আবারো মনে করিয়ে দিলেন সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। আজ মিরপুরে তিনি বলেন, ‘‘আমরা খেলা শুরুর হওয়ার আগে বলেছিলাম, পেমেন্ট আমাদের প্রথম অগ্রাধিকার এবং অ্যান্টি-করাপশন দ্বিতীয়। এই দুইটা অগ্রাধিকার ছিল।’’

আজ দুই দলের টাকা পরিশোধ করা নিয়ে পরে মিঠু বলেন, ‘‘এখন আমরা যেটা করেছি আজকে সিলেট এবং নোয়াখালী বলেছে আপনারা তো আমাদের টাকাটা আটকে রেখেছেন। আমাদের খেলোয়াড়দের বাকি এত (টাকা)। আমাদের সামনেই তারা সব খেলোয়াড়দের পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে। আমরা তাদের থেকে সার্টিফিকেট নিয়ে নিছি।’
‘‘এখন পাঁচটা দল হলো যাদের সব পেমেন্ট ক্লিয়ার। আপনারা তো জানেনই রংপুর গুড পে মাস্টার। রংপুরের থেকে আমরা কোনো অভিযোগে পাইনি খেলোয়াড়দের থেকে। বাকি চারটা দলের সার্টিফিকেট আমাদের কাছে আছে।’’
পরে ঢাকা ক্যাপিটালসের কথা জানিয়ে মিঠু বলেন, ‘‘এখন শুধু ঢাকা বাকি আছে। আমাদের কাছে ঢাকার পাঁচ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি এবং পাঁচ কোটি টাকার চেক আছে। ঢাকা যে তালিকটা দিয়েছে পাওনার, আজকে আমরা ঢাকার অধিনায়ককে ডেকেছিলাম। আমরা এখন ঢাকাকে চিঠি দিব, না হলে এই সিস্টেমে...।’’
আরআই/টিএ