© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইংলিশ প্রিমিয়ার লিগ / উলভারহ্যাম্পটনের কাছে ২-১ গোলে হারল লিভারপুল

শেয়ার করুন:
উলভারহ্যাম্পটনের কাছে ২-১ গোলে হারল লিভারপুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৫ এএম | ০৪ মার্চ, ২০২৬
মলিন্যুতে চমক দেখালো উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। শেষদিকে রদ্রিগো গোমেস ও আন্দ্রের দুই গোলে লিভারপুলকে হারালো ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) তলানিতে থাকা দলটি । টপ-ফাইভে থাকা প্রতিপক্ষের বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে লড়াইয়ে নতুন প্রাণ সঞ্চার করল উলভস।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে লিগ ম্যাচে ২-১ ব্যবধানে হারলো লিভারপুল। অলরেডদের হয়ে একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ সালাহ।

এই হারে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিভারপুল এখন পঞ্চম। ৩০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ২০তম স্থানেই উলভস। বুধবার অ্যাস্টন ভিলার মাঠে চেলসি জিতলে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল নেমে যাবে ষষ্ঠ স্থানে, ছিটকে পড়বে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতার জায়গা থেকে। এক মৌসুমে লিগে ১০ হার, এক দশকে এমন বাজে পরিসংখ্যানও ছুঁয়ে ফেলতে পারে তারা; এটি ছিল লিগে তাদের নবম পরাজয়।



এদিন ম্যাচের প্রথমার্ধে লিভারপুল ছিল নিষ্প্রভ। বিরতির পর কিছুটা গতি বাড়ালেও ফল আসেনি। ৭৮ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে গোলের সুযোগ পান রদ্রিগো গোমেস। ডান পায়ের চতুর ফিনিশে পরাস্ত করেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারকে। পিছিয়ে পড়া দলকে লড়াইয়ে ফেরান সালাহ। প্রায় ৯০০ মিনিটের গোলখরা কাটিয়ে লিগে পঞ্চম গোলটি করেন মিশরীয় ফরোয়ার্ড, বক্সে ঢুকে নিখুঁত শটে পরাস্ত করেন জোসে সাকে। প্রিমিয়ার লিগে সবশেষ সালাহর পা থেকে গোল এসেছিল গত বছরের নভেম্বরে।

সমতায় ফেরার পর জয়ের চেষ্টাও চালিয়েছিল লিভারপুল। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উলভসের আক্রমণে ম্যাচ নাটকীয় মোড় নেয়।আন্দ্রের শট ডিফেন্ডার জো গোমেজের গায়ে লেগে দিক বদলে জালে জড়ায় বল। তাতে হার নিয়ে মাঠ ছাড়তে হয় অলরেডদের।

ম্যাচশেষে টিএনটি স্পোর্টসকে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, ‘খারাপ ফল। প্রথমার্ধে আমরা মানের ধারেকাছেও ছিলাম না। দ্বিতীয়ার্ধে তাড়না ছিল, সুযোগও তৈরি করেছি, কিন্তু কাজে লাগাতে পারিনি। আমরা খুব বেশি ম্যাচ হারছি ও পয়েন্ট হারাচ্ছি।’

অন্যদিকে উলভসের গোলদাতা গোমেস তৃপ্তির ঢেকুর তুলে বলেন, ‘আলোয় আলোকিত রাতে ঘরের মাঠে টানা দুই জয়, অসাধারণ অনুভূতি।হয়তো একটু দেরিতে ছন্দে ফিরেছি, কিন্তু বিশ্বাস ধরে রাখতে হবে।’

দুই দলই শুক্রবার একই ভেন্যুতে এফএ কাপের পঞ্চম রাউন্ডে আবার মুখোমুখি হবে। যেখানে এই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ পাবে লিভারপুল।

এমআর/টিএ 

মন্তব্য করুন