© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিব ফিরলে বাংলাদেশ দলেরই লাভ, মন্তব্য শান্ত’র

শেয়ার করুন:
সাকিব ফিরলে বাংলাদেশ দলেরই লাভ, মন্তব্য শান্ত’র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫০ পিএম | ০৪ মার্চ, ২০২৬
সাকিব আল হাসানকে দেশে ও জাতীয় দলে ফেরাতে মাসখানেক সময় ধরে চেষ্টা করছে বিসিবি। ইতোমধ্যে তার বিরুদ্ধে থাকা মামলার নথিপত্রও সরকারের কাছে জমা দিয়েছে বিসিবি। সাকিব ফিরলে বাংলাদেশ দলেরই লাভ দেখছেন টেস্ট অধিনায়ক এবং ওয়ানডের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

গতকাল বিসিএল ফাইনাল শেষে শান্ত বলেছেন, ‘সাকিব ভাই থাকলে কম্বিনেশন ভালো হয় দলের। যদি আসেন, খেলেন অবশ্যই আমি বিশ্বাস করি কম্বিনেশন ভালো হবে এবং সেই ইমপ্যাক্টটা রাখতে পারবেন দলের হয়ে। যদি আসে খুবই ভালো, যদি না আসে তাহলে আমাদের যে প্লেয়ারগুলো আছে তাদের উপরই বিশ্বাস রাখতে হবে।’



ওয়ানডেতে উন্নতির জায়গা নিয়ে শান্ত বলেছেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে গত ১০-১২ ম্যাচে ৫০ ওভার ব্যাট করতে পারিনি। এটা চিন্তার জায়গা, কীভাবে মিডল ওভারে ভালো ব্যাট করে ইনিংসটা শেষ করতে পারি। খুবই হতাশাজনক, চার দলেই, বিশেষ করে আমার দলে (উত্তরাঞ্চল)। চার দলের সবারই ৫০-৬০টা করে লিস্ট এ ম্যাচ খেলা প্লেয়ার রয়েছে। ব্যাটিং ইউনিট হিসেবে আরও ধারাবাহিক এবং আরও কিছু সেঞ্চুরি হওয়া দরকার ছিল, যেটা হয়নি। এটা হতাশাজনক, যা আন্তর্জাতিক ক্রিকেটেও হচ্ছে। সামনে পাকিস্তান সিরিজ, এখান থেকে কীভাবে উন্নতি করা যায় এটা জরুরি ব্যাপার।’

সাম্প্রতিক সময়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলায়, স্ট্রাইকরেট বাড়ানোর বিষয় এখনও ব্যাটারদের মাথায় সেট হয়ে আছে বলেও মনে করেন বাঁ-হাতি এই ব্যাটার, ‘গত এক-দেড় বছরে অনেক টি-টোয়েন্টি খেলা হয়েছে। এজন্য হয়তো ব্যাটারদের মাথায় কাজ করছে স্ট্রাইকরেট, বড় শট। মাঝের ওভারে লম্বা খেলে কীভাবে ৫০ ওভার পর্যন্ত ইনিংস গড়া যায়, স্ট্রাইক রোটেট করে লম্বা করা যায় ইনিংস, এখানে উন্নতি করা গেলে আশা করি ভালো হবে সামনে (ওয়ানডেতে)।’

আরআই/এসএন

মন্তব্য করুন