© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোজা রেখে বিসিএল খেলেছেন সাইফ

শেয়ার করুন:
রোজা রেখে বিসিএল খেলেছেন সাইফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২০ পিএম | ০৪ মার্চ, ২০২৬
সদ্য শেষ হওয়া ওয়ানডে ফরম্যাটের বিসিএলে রোজা রেখে সবগুলো ম্যাচে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন সাইফ হাসান। রোজা রেখে ম্যাচ খেলার বিষয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিমের কাছ থেকে পরামর্শ নিয়েছেন বলেও জানান তিনি। ফাইনাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন মধ্যাঞ্চলের এই ব্যাটার।

এবারের বিসিএলের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয়েছে রমজানের মধ্যে। বেশ কয়েকজন ক্রিকেটার তাই রোজা রেখেই মাঠে নেমেছেন। রোজা রেখে খেলার অভিজ্ঞতা নিয়ে গতকাল (৩ মার্চ) ফাইনাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সাইফ। সাইফের মতে, রোজা রেখে খেলাটা কষ্টের হলেও এটা আত্মবিশ্বাস যোগায়।

এ প্রসঙ্গে সাইফ বলেন, ‘কিছুটা আত্মবিশ্বাস দেয় (রোজা থাকা)। রোজার মধ্যে খেলাটা কিছুটা কষ্ট ছিল। এই ম্যাচ যেহেতু দিবারাত্রির ছিল, একটু নির্ভার ছিলাম। এক ইনিংস কষ্ট করতে হয়েছে, পরে রোজা ভেঙে খেলেছি। ফুল ডে ম্যাচে হাইড্রেশনে একটু সমস্যা হচ্ছিল। সব মিলে ভালো প্রস্তুতি হয়েছে।’

রোজা রেখে খেলার ক্ষেত্রে শরীরে পানি ধরে রাখার প্রক্রিয়ায় ভারসাম্য বা হাইড্রেশনের দিকটি বিশেষভাবে নজরে রাখতে হয়। এক্ষেত্রে সাইফকে সহায়তা করেছেন মুশফিকুর রহিম, ‘যেহেতু রোজা রেখে খেলেছি সব ম্যাচ, রোজা রাখার আগে মুশফিক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি তো সবসময় রোজা রেখে খেলেন, মিস দেন না। উনার থেকে (জেনে) নেওয়ার চেষ্টা করেছি কীভাবে প্রস্তুতি নেন। আগের দিন অনেক গুরুত্বপূর্ণ। এসব নিয়েই কথা হয়েছে।’



ফাইনাল ম্যাচে সেরা পারফর্মার ছিলেন সাইফ। তার ৭৮ বলে ৮৭ রানের ইনিংসটাই মধ্যাঞ্চলকে জয় এনে দিয়েছে। এমন ইনিংস খেলার পরেও ১৩ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপটা পোড়াচ্ছে সাইফকে। তবে দলের জয়ে অবদান রাখতে পেরে সেসব আক্ষেপ ভুলতে চাইছেন সাইফ, ‘সেঞ্চুরির আক্ষেপ সবারই থাকে। তবে জয়ে অবদান রাখায় আলহামদুলিল্লাহ। যারা ওয়ানডে সিরিজ খেলবে তাদের জন্য এই টুর্নামেন্টে খুব ভালো প্রস্তুতি হলো। চারটা ম্যাচ খেলতে পেরেছি। এখান থেকে যদি নিতে পারি, সামনে প্রস্তুত হয়ে নামতে পারব।’

টি-টোয়েন্টির মতো ওয়ানডে ফরম্যাটেও মানিয়ে নেয়ার কথা জানিয়ে সাইফ বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আমার জন্য সুযোগ। যত ইমপ্রেস করতে পারব তত ভালো। ছয়টা ওয়ানডে খেলেছি টি-টোয়েন্টির ফাঁকে ফাঁকে। খুব বেশি ঝামেলা হবে না। প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ এখানে। সবসময় তো একরকম যাবে না। উত্থানপতন থাকবেই। খারাপ সময় কাটিয়ে উঠতে পেরেছি। আলহামদুলিল্লাহ। মাইন্ড ট্রেনিং করেছি। যেহেতু ধারাবাহিকভাবে দুঃসময় যাচ্ছিল। এগুলো অনেক সহায়তা করে। যতই ট্রেনিং-জিম-রানিং করি, মেন্টাল কন্ডিশন খুব গুরুত্বপূর্ণ।
সবাই হেল্প করেছে— ফ্রেন্ড, ফ্যামিলি; সবাই।’

টিজে/টিএ 

মন্তব্য করুন