বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্নে ‘পরোয়া নেই’ ট্রাম্পের
ছবি: সংগৃহীত
০৪:১৭ পিএম | ০৪ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে করা প্রশ্নকে গুরুত্ব না দিয়ে বলেছেন, এ বিষয়ে তিনি ‘একেবারেই পরোয়া করেন না’। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই এ মন্তব্য করেছেন তিনি।
এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১১ জুন। সূচি অনুযায়ী গ্রুপ ‘জি’-তে থাকা ইরান তাদের প্রথম ম্যাচ খেলবে জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে, ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা লস অ্যাঞ্জেলেসে।
তবে ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সম্প্রতি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দলটির বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাম্প্রতিক সামরিক হামলা ও সংঘাতের প্রেক্ষাপটে তিনি বলেন, ‘এই হামলার পর আমরা বিশ্বকাপকে আশাবাদী দৃষ্টিতে দেখব, এমনটা আশা করা যায় না।’
একটি ক্রীড়া ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তাজ আরো বলেন, ‘মার্কিন শাসন আমাদের মাতৃভূমিতে হামলা চালিয়েছে, এবং এই ঘটনার জবাব দেওয়া হবে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সোজাসাপ্টা জবাব দেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি সত্যিই এতে কোনো গুরুত্ব দিই না। আমার মনে হয় ইরান খুব খারাপভাবে পরাজিত একটি দেশ, তারা এখন টিকে থাকার লড়াই করছে।’
এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, বিশ্বকাপ উপলক্ষে খেলোয়াড়, দলীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হতে পারে। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও হামলার ঘটনা বাড়তে থাকায় সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।
অন্যদিকে, গ্রুপ পর্ব শেষে যদি দুই দল নিজ নিজ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে, তাহলে নকআউট পর্বে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই ম্যাচটি হওয়ার কথা ডালাসে।
এদিকে পুরুষ দলের ভবিষ্যৎ অনিশ্চিত থাকলেও সোমবার এএফসি উইমেনস এশিয়া কাপ-এর উদ্বোধনী ম্যাচে আলোচনায় আসে ইরানের নারী ফুটবল দল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত বাজানো হলেও ইরানের খেলোয়াড়রা তা গাইতে অস্বীকৃতি জানান।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সেই ম্যাচে খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্থির ছিলেন এবং সংগীতের সময় প্রায় কোনো প্রতিক্রিয়া দেখাননি। ম্যাচে দক্ষিণ কোরিয়া ৩–০ গোলের জয় পেলেও, ম্যাচ শেষে দর্শকেরা ইরানি খেলোয়াড়দের পারফরম্যান্স ও সাহসিকতাকে সম্মান জানিয়ে করতালি দেন।
এসএস/টিএ