© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইনজুরিতে পড়েছেন রোনালদো, বিশ্বকাপ খেলতে পারবেন তো

শেয়ার করুন:
ইনজুরিতে পড়েছেন রোনালদো, বিশ্বকাপ খেলতে পারবেন তো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৭ পিএম | ০৪ মার্চ, ২০২৬
ক্রিস্টিয়ানো রোনালদো হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেছেন বলে মঙ্গলবার (৩ মার্চ) নিশ্চিত করেছে সৌদি প্রো লিগে তার ক্লাব আল নাসর। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) আল ফায়হা'র বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে রোনালদো খুঁড়িয়ে মাঠ ছাড়েন।

৪১ বছর বয়সী রোনালদো ম্যাচের ৮১তম মিনিটে বদলি হন। কিছুক্ষণ পর বেঞ্চে বসে তার ডান হ্যামস্ট্রিংয়ে বরফের প্যাক দেখা যায়।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, 'সে পুনর্বাসন (রিহ্যাব) প্রোগ্রাম শুরু করেছে এবং প্রতিদিন তার অবস্থা মূল্যায়ন করা হবে।'

ম্যাচ শেষে আল নাসরের কোচ জর্জে জেসুস অবশ্য গুরুতর চোটের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, 'সে পেশিতে ক্লান্তি অনুভব করেছিল। আমরা ২-১ এগিয়ে যাওয়ার পর ঝুঁকি নিতে চাইনি, তাই তাকে তুলে নিই। মেডিক্যাল বিভাগ তার অবস্থা পরীক্ষা করবে, তবে এটা শুধু পেশির ক্লান্তি।'

এদিন রোনালদো মোটেই সেরা ফর্মে ছিলেন না। ম্যাচে তিনি একটি পেনাল্টি মিস করেন এবং ওপেন প্লে থেকেও গোল করতে পারেননি। তবুও জয় পেয়ে আল নাসর সৌদি প্রো লিগের শীর্ষে উঠে যায়। দুইয়ে থাকা আল আহলির চেয়ে দুই পয়েন্ট এগিয়ে।

এদিকে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, কমপক্ষে ২ সপ্তাহ থেকে সর্বোচ্চ ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে রোনালদোকে। অর্থাৎ, ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করার শঙ্কা নেই এই ৪১ বছর বয়সীর। যা পর্তুগালের জন্য স্বস্তির ব্যাপার।



এদিকে আঞ্চলিক সামরিক সংঘাতের কারণে ৪ মার্চ নির্ধারিত আল ওয়াসলের বিপক্ষে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। ফলে রোনালদো বাড়তি সময় পাচ্ছেন সুস্থ হয়ে ওঠার জন্য।

আল নাসরের পরবর্তী ম্যাচ শনিবার (৭ মার্চ), সৌদি প্রো লিগে নিওমের বিপক্ষে।

বর্তমানে রোনালদো সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয়। তিনি ২১ গোল করেছেন। শীর্ষে আছেন ইংলিশ ফরোয়ার্ড ইভান টনি, যিনি আল আহলির হয়ে ২৩ ম্যাচে ২৩ গোল করেছেন।

টিজে/টিএ 

মন্তব্য করুন