ইংলিশ প্রিমিয়ার লিগ / ব্রাজিলের পেদ্রোর হ্যাটট্রিকে দাপুটে জয় চেলসির
ছবি: সংগৃহীত
০৭:৩১ এএম | ০৫ মার্চ, ২০২৬
অ্যাস্টন ভিলার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা দারুণভাবে সামলে নিল চেলসি। জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকে পেল দাপুটে জয়।
প্রিমিয়ার লিগে বুধবার ভিলার মাঠে ৪-১ গোলে জিতেছে চেলসি।
দগলাস লুইসের গোলে দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে এরপর, পজেশন ও আক্রমণে আধিপত্য করে চেলসি।
৩৫তম মিনিটে খুব কাছ থেকে সমতা টানেন পেদ্রো। বিরতির আগে এন্সো ফের্নান্দেসের থ্রু বল ধরে, ডি-বক্সে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা চেলসি ৫৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ায়। এই গোলেও জড়িয়ে পেদ্রোর নাম, তার পাস থেকেই গোলটি করেন কোল পামার।
আর ৬৪তম আলেহান্দ্রো গার্নাচারোর পাস ধরে ডান পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন পেদ্রো। গত গ্রীষ্মে চেলসিতে যোগ দেওয়া এই ফুটবলার দলটির হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন।
এবারের লিগে ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের গোল হলো ১৪টি।
২৯ ম্যাচে ১৩ জয় ও ৯ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে লিভারপুল। ৫১ পয়েন্ট নিয়ে চারে আছে অ্যাস্টন ভিলা।
এমআই/এসএন