© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুইবার এগিয়ে যাওয়া সিটিকে রুখে দিল ফরেস্ট

শেয়ার করুন:
দুইবার এগিয়ে যাওয়া সিটিকে রুখে দিল ফরেস্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৩ এএম | ০৫ মার্চ, ২০২৬
ম্যানচেস্টার সিটির দাপটের পর দ্বিতীয়ার্ধে জমে উঠল লড়াই। দুইবার পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল নটিংহ্যাম ফরেস্ট। উজ্জীবিত ফুটবলে প্রতিপক্ষের মাঠে মূল্যবান এক পয়েন্ট তুলে নিল তারা।

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগের জমজমাট ম্যাচটি ২-২ ড্র হয়েছে।

প্রথমার্ধে অ্যান্টোয়ান সেমেনিও সিটিকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে সমতা ফেরান মর্গ্যান গিবস-হোয়াইট। একটু পরই রদ্রির গোলে আবার লিড পায় স্বাগতিকরা। কিন্তু এলিয়ট অ্যান্ডারসনের গোল তিন পয়েন্ট পেতে দেয়নি পেপ গুয়ার্দিওলার দলকে।

একেবারে শেষ মুহূর্তে যদিও সুযোগ আসে সিটির সামনে; কিন্তু সাভিনিয়োর প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান ফরেস্টের ডিফেন্ডার মারিলো। সেটিই ছিল ম্যাচের শেষ কিক।

লিগে টানা চার জয়ের পর পয়েন্ট হারাল সিটি। একই সময়ে আরেক ম্যাচে আর্সেনাল জেতায় দুই দলের ব্যবধান বেড়ে দাঁড়াল ৭ পয়েন্টে।

২৯ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ বেশি খেলে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

শুরু থেকে পজেশনে আধিপত্য করা সিটি প্রথম লক্ষ্যে শট রাখতে পারে ১৯তম মিনিটে। বের্নার্দো সিলভার শট ঠেকান সফরকারী গোলরক্ষক। দুই মিনিট পর ফিল ফোডেনের প্রচেষ্টাও ঠেকান তিনি।

২৬তম মিনিটে সুযোগ পায় ফরেস্ট। মর্গ্যান গিবস-হোয়াইটের শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন জানলুইজি দোন্নারুম্মা।

৩১তম মিনিটে সেমেনিওর দারুণ গোলে এগিয়ে যায় সিটি। ডান দিক থেকে হায়ান শেহকির নিচু ক্রসে ছয় গজ বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ভলিতে বল জালে পাঠান ঘানার উইঙ্গার।
দ্বিতীয়ার্ধের শুরুতে সিটির কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর, ৫৬তম মিনিটে সমতা ফেরায় ফরেস্ট। সতীর্থের হেড পাসে কাছ থেকে চমৎকার ব্যাকহিল ফ্লিকে বল জালে পাঠান মর্গ্যান গিবস-হোয়াইট।

তাদের সেই স্বস্তি যদিও বেশিক্ষণ থাকেনি। ৬২তম মিনিটে কর্নারে কাছ থেকে হেডে আবার দলকে এগিয়ে নেন রদ্রি।

২০২৪ সালের মে মাসের পর প্রিমিয়ার লিগে স্প্যানিশ তারকার প্রথম গোল এটি।



জমে ওঠা লড়াইয়ে ৭৬তম মিনিটে আরেকবার ইতিহাদকে স্তব্ধ করে দেয় ফরেস্ট। বক্সের বাইরে থেকে শটে দারুণ গোলে ২-২ সমতা টানেন অ্যান্ডারসন।

বাকি সময়ে চলতে থাকে দুই দলের আক্রম-পাল্টা আক্রমণ। সাত মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে কর্নারে ফরেস্টের রায়ানের হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

ষষ্ঠ মিনিটে বক্সের বাইরে থেকে সেমেনিওর ফ্রি-কিকে বল ফরেস্ট গোলরক্ষকের হাত ও ক্রসবার ছুঁয়ে চলে যায়। আর শেষ মুহূর্তে জটলার ভেতর থেকে সাভিনিয়োর প্রচেষ্টা গোললাইনে রুখে দিয়ে এক পয়েন্ট নিশ্চিত করে সফরকারীরা।

অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা ফরেস্ট ২৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে।

টিজে/এসএন 

মন্তব্য করুন