কোরিয়া ম্যাচের আগে বাটলার বললেন, 'আই হ্যাভ অ্যা প্ল্যান'
ছবি: সংগৃহীত
০২:৪৩ পিএম | ০৫ মার্চ, ২০২৬
নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের সঙ্গে লড়াই করে হেরেছে বাংলাদেশ। শুক্রবার (৬ মার্চ) উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে আফিদার দল। তার আগে সংবাদ সম্মেলনে পরের ম্যাচের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের কোচ বাটলার বলেছেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান।'
তিনবারের এশিয়ান কাপজয়ী উত্তর কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে বাটলার সাফ জানিয়ে দিলেন, বাংলাদেশ এখানে ‘ভাগ্যের জোরে’ আসেনি, বরং লড়াই করে নিজেদের যোগ্যতায় জায়গা করে নিয়েছে।
উত্তর কোরিয়াকে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট মেনে নিয়ে বাটলার বলেন, ‘আমরা এখানে উত্তর কোরিয়ার মতো খুব শক্তিশালী একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি। তারা টেকনিক্যালি দারুণ দক্ষ এবং সত্যিই খুব প্রতিভাধর একটি দল। আপনি যদি তাদের ফিফা র্যাঙ্কিংয়ে তাকান, তাহলে বুঝতে পারবেন তারা সম্ভবত এই টুর্নামেন্টের অন্যতম ফেবারিট।’
উত্তর কোরিয়ার ফুল-ব্যাকরাও আক্রমণে আসেন এবং তাদের আটকানোর কৌশল নিয়ে প্রশ্নে বাটলারের আত্মবিশ্বাসী উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘কীভাবে তাদের থামানো যায়…ভালো প্রশ্ন। শুনুন, আমাদের একটি গেম প্ল্যান আছে এবং আমার মনে হয় আমাদের পরিকল্পনাটি বেশ কার্যকর হবে। আই হ্যাভ অ্যা প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে)। দিনের শেষে আমরা শুধু বসে থেকে বিপক্ষ দলের আক্রমণ দেখব না। যদি আমরা গোল খাইও, সেটা হতেই পারে। কিন্তু আমি চাই আমাদের দল সক্রিয়ভাবে খেলুক, শুধু রক্ষণাত্মক না হয়ে।’
চীনের বিপক্ষে লড়াইয়ের পর ভক্তদের মনে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দানা বাঁধলেও বাটলার এখনই আকাশকুসুম কল্পনা করতে রাজি নন। তিনি সরাসরি বলেন, ‘না, আমি তা মনে করি না (কোয়ার্টার ফাইনাল)। আমরা এখানে আকাশকুসুম কল্পনা নিয়ে আসিনি যে আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করতে যাচ্ছি। আমি এটা ভাবতে চাই যে প্রতিটি ম্যাচে এই মেয়েরা উন্নতি করবে, তারা শিখবে। এটি তাদের জন্য শেখার একটি শিক্ষামূলক সুযোগ। আমি শুধু চাই খেলোয়াড়েরা মাঠে গিয়ে তাদের সেরাটা দিক এবং সততা ও নিষ্ঠার সঙ্গে খেলুক।’
এদিকে চীনকে নিয়ে মাহফুজা আক্তার কিরণের মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে বাটলার একে ‘সম্পূর্ণ আজেবাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘এটি আমার কাছে পাঠানো হয়েছিল (মাহফুজার মন্তব্য) এবং আমি মনে করি বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে এসে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল ছিল। ওটা একটা শক্তিশালী দল। তাদের খেলোয়াড়েরা নাসরিন স্পোর্টিংয়ের হয়ে খেলে না, তাদের খেলোয়াড়েরা পিএসজির হয়ে খেলে। তারা ফ্রান্সে এবং চাইনিজ সুপার লিগে খেলে। এটি বেশ অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন ছিল।’
টিজে/এসএন