© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আমি যতটা ভেবেছিলাম, বাংলাদেশ তার চেয়েও শক্তিশালী’

শেয়ার করুন:
‘আমি যতটা ভেবেছিলাম, বাংলাদেশ তার চেয়েও শক্তিশালী’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২০ পিএম | ০৫ মার্চ, ২০২৬
নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও মেয়েদের লড়াকু পারফরম্যান্স মন জয় করে নিয়েছে সবার। লাল-সবুজের দলের এমন দুর্দান্ত ফুটবলে মুগ্ধ হয়েছে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ উত্তর কোরিয়াও। সিডনিতে শুক্রবারের এই হাইভোল্টেজ লড়াইয়ের আগে উত্তর কোরিয়ার কোচ রি সন হো অকপটেই স্বীকার করলেন, তিনি যতটা ভেবেছিলেন, বাংলাদেশ তার চেয়েও অনেক বেশি শক্তিশালী দল।

বৃহস্পতিবার সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন উত্তর কোরিয়ার কোচ রি সন হো। সেখানে বাংলাদেশ দল নিয়ে নিজের মূল্যায়ন জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি এখানে বসে চীন বনাম বাংলাদেশ ম্যাচটি দেখেছি। আমার মনে হয়েছে, বাংলাদেশ দল আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। উদাহরণস্বরূপ, তাদের আক্রমণভাগ বেশ দ্রুতগতির এবং রক্ষণ থেকে আক্রমণে ওঠার দক্ষতাও খুব তীক্ষ্ণ। সাধারণভাবে বলতে গেলে, তারা বেশ দ্রুতগতির একটি দল। তাই আগামী ম্যাচে আমাদের রক্ষণভাগকে অনেক বেশি মনোযোগী হতে হবে, যাতে তারা গোল করার কোনো সুযোগ না পায়।’

বাংলাদেশের কোন দিকগুলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে এমন প্রশ্নের জবাবে উত্তর কোরিয়ার কোচ বাংলাদেশের ফরোয়ার্ড লাইন নিয়ে নিজের ভাবনার কথা জানান। তিনি বলেন, ‘মূলত আমি তাদের আক্রমণভাগের তিনজন খেলোয়াড়কে বিপজ্জনক মনে করি। এর মধ্যে বিশেষ করে ১৭ নম্বর জার্সিধারী খেলোয়াড়কে (ঋতুপর্ণা চাকমা) নিয়ে আমি সতর্ক, যে বাঁ প্রান্ত দিয়ে খুব দ্রুত আক্রমণ শানাতে পারে। আমি আগেই বলেছি, তাদের আক্রমণভাগের খেলোয়াড়দের গতি অনেক বেশি। আক্রমণ এবং রক্ষণ উভয় ক্ষেত্রেই তাদের গতি আমাদের ভাবিয়ে তুলছে। তাই এই খেলোয়াড়দের রুখতে আমাদের ডিফেন্ডারদের বাড়তি সতর্ক থাকতে হবে।’

শক্তিশালী গ্রুপে পড়লেও কোনো প্রতিপক্ষকেই যে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, সেটিও স্পষ্ট করেছেন রি সন হো। তিনি বলেন, ‘আমি আগামীকালের ম্যাচ নিয়ে সত্যিই চিন্তিত। কারণ আমি দেখছি যে, আমাদের গ্রুপের বাকি তিনটি দলই খুব শক্তিশালী। কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তাই আমি মনে করি, আগামীকালের ম্যাচটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’

টিকে/

মন্তব্য করুন