© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪ দিন ধরে হোটেলে আটকে ওয়েস্ট ইন্ডিজ দল, দেশে ফেরার আকুতি স্যামির

শেয়ার করুন:
৪ দিন ধরে হোটেলে আটকে ওয়েস্ট ইন্ডিজ দল, দেশে ফেরার আকুতি স্যামির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০২ পিএম | ০৫ মার্চ, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের চার দিন পরও ভারতে আটকে আছে ওয়েস্ট ইন্ডিজ দল। কলকাতার হোটেলে অবস্থানরত ক্যারিবীয়দের দেশে ফেরার নির্দিষ্ট কোনো সূচি এখনো জানানো হয়নি। এমন পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন দলের প্রধান কোচ ড্যারেন স্যামি।

বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) স্যামি লিখেছেন, ‘আমি শুধু বাড়ি যেতে চাই।’ কিছুক্ষণ পর আরেকটি পোস্টে তিনি জানান, ‘কমপক্ষে একটা আপডেট হলেও দিন; আজ, কাল, নাকি আগামী সপ্তাহে? পাঁচ দিন হয়ে গেল।’

ওয়েস্ট ইন্ডিজসহ কয়েকটি দল বর্তমানে ভারতে আটকে পড়েছে পশ্চিম এশিয়ার চলমান সংকটের কারণে। এর ফলে বেশ কিছু আন্তর্জাতিক আকাশপথ বন্ধ হয়ে গেছে, যা ভ্রমণ ব্যবস্থাপনায় বড় ধরনের জটিলতা তৈরি করেছে। ফলে দলগুলোর ফেরার জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে আইসিসি।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে প্রাথমিকভাবে ওয়েস্ট ইন্ডিজকে জানানো হয়েছিল, তাদের লন্ডনে চার্টার ফ্লাইটে নিয়ে গিয়ে সেখান থেকে ক্যারিবীয় অঞ্চলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। পরিকল্পনা ছিল সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারত ছাড়ার। তবে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি এবং এখনো কলকাতাতেই অবস্থান করছে দলটি। বিশ্বকাপের সুপার এইট পর্বে ১ মার্চ কলকাতায় নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে হারের পরই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ।



একই পরিস্থিতির মুখোমুখি হওয়া জিম্বাবুয়ে ক্রিকেট দলের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। আইসিসি ভ্রমণ পরিকল্পনা পুনর্বিন্যাস করায় বুধবার দিল্লি থেকে জিম্বাবুয়ের দলের প্রথম ব্যাচ দেশে ফিরেছে। জিম্বাবুয়ে ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ট্রানজিট জটিলতার কারণে বিকল্প পথ ব্যবহার করে খেলোয়াড়দের দেশে পাঠানো হচ্ছে। ফ্লাইটের সীমাবদ্ধতার কারণে দলটি কয়েকটি দলে ভাগ হয়ে হারারেতে ফিরবে। মূল পরিকল্পনা অনুযায়ী তাদের দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ফেরার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী তারা ইথিওপিয়ার আদ্দিস আবাবা হয়ে হারারেতে পৌঁছাবে।

সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে তারাও দেশে ফেরার সূচির অপেক্ষায় আছে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে যদি হারে ইংল্যান্ড, তাহলে তাদের ফেরার ব্যবস্থাও নতুন করে নির্ধারণ করতে হবে।

পশ্চিম এশিয়ার সংকটের কারণে আন্তর্জাতিক আকাশপথে এই অনিশ্চয়তা বিশ্বকাপে অংশ নেয়া কয়েকটি দলের জন্য বড় ধরনের ভোগান্তি তৈরি করেছে। ফলে দ্রুত পরিস্থিতির সমাধান এবং দেশে ফেরার স্পষ্ট সূচির অপেক্ষায় আছে সংশ্লিষ্ট দলগুলো।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ফেরার জন্য চার্টার্ড ফ্লাইটে যাত্রা করবে ওয়েস্ট ইন্ডিজ দল। আইসিসির একটি সূত্র নাকি জানিয়েছে, ক্যারিবীয়রা সরাসরি অ্যান্টিগুয়ার উদ্দেশে উড়াল দেবে। ফ্লাইটের তারিখ ও সময় সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যেই জানা যেতে পারে। যেহেতু যাত্রাপথটি প্রায় ১৫ ঘণ্টার এবং বিভিন্ন আকাশপথের সেক্টর অতিক্রম করতে হবে, তাই সংশ্লিষ্ট উড়োজাহাজের জন্য প্রয়োজনীয় ফ্লাইট ক্লিয়ারেন্স পেতে প্রায় দুই দিন সময় লাগবে বলে জানা গেছে।

এসকে/টিকে

মন্তব্য করুন