দুই পরিবর্তন নিয়ে উত্তর কোরিয়ার সামনে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০৮:২৫ এএম | ০৬ মার্চ, ২০২৬
নারী এশিয়ান কাপে বাংলাদেশ আজ (শুক্রবার) দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে। চীনের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার।
প্রথম ম্যাচের একাদশে রুপ্নার পরিবর্তে মিলি আক্তারকে নিয়ে চমক দেখিয়েছিলেন কোচ বাটলার। মিলি দুর্দান্ত পারফরম্যান্স করায় তাকে এই ম্যাচেও একাদশে রেখেছেন। ডিফেন্সে অভিজ্ঞ শিউলি আজিমকে আজ একাদশের বাইরে রেখেছেন। মিডফিল্ডে উমহেলা মারমাও নেই আজকের একাদশে।
বাংলাদেশ প্রথম ম্যাচে প্রথাগত স্ট্রাইকার ছাড়াই নেমেছিল। আজকের ম্যাচে একাদশে আছেন তহুরা খাতুন। তাকে একাদশে রাখায় অনেকটা স্পষ্ট, বাংলাদেশ উত্তর কোরিয়ার বিপক্ষে আক্রমণাত্মক মনোভাব বেশিই প্রদর্শন করবে। অতিমাত্রায় রক্ষণের বিরুদ্ধে বাটলার। মিডফিল্ডে উমহেলার জায়গায় আজ শুরু করবেন আইরিন খাতুন।

উত্তর কোরিয়ার কোচ বাংলাদেশের আক্রমণভাগ নিয়ে শঙ্কিত। ঋতুপর্ণা, মারিয়া ও মনিকার সঙ্গে আক্রমণভাগে আজ তহুরা যোগ হওয়ায় বাংলাদেশের ফরোয়ার্ড লাইন আরও বেশি শক্তিশালী। বাংলাদেশ-উত্তর কোরিয়া ম্যাচের রেফারি হিসেবে রয়েছেন লেবাননের আলবক্কর।
অস্ট্রেলিয়ার সিডনিতে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। বাংলাদেশের ম্যাচের সময় দুপুর একটা। শুক্রবার জুমার দিন হলেও অনেকে স্টেডিয়ামে আসছেন পরিবার নিয়ে। চীনের বিপক্ষে ভালো খেলায় এই ম্যাচে দর্শকদের আগ্রহ বেড়েছে।
বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক ), আফিদা খন্দকার, আইরিন, শামসুন্নাহার, নবীরন, কোহাতি কিসকু, তহুরা খাতুন, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহার (জুনিয়র)।
টিজে/এসএন