ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী আবার ভুল, আমির বললেন, ‘ক্যাচ ছেড়ে দিলে আমি কী করব!’
ছবি: সংগৃহীত
০৩:১৮ পিএম | ০৬ মার্চ, ২০২৬
ভারতকে নিয়ে মোহাম্মাদ আমিরের ভবিষ্যদ্বাণী মুখ থুবড়ে পড়ল আবার। তবে তার মুখ বন্ধ নেই। পাকিস্তানের পেসার এবার বলছেন, ক্যাচ ছেড়েই সর্বনাশ হয়েছে ইংল্যান্ডের, নইলে তারা ম্যাচটি জিতে যেত সহজেই। আমিরের ভবিষ্যদ্বাণী সত্যি হলে বেশ আগেই বিশ্বকাপে দর্শক হয়ে থাকত ভারতীয় দল। পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে তিনি সুপার এইটের সময় বলেছিলেন, ভারত সেমি-ফাইনালে খেলতে পারবে না। ওই গ্রুপ থেকে তিনি শেষ চারে দেখছিলেন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে। পরে আরও দুই দফায় একই কথা বলেন তিনি।
কিন্তু সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেয় ভারত। আমির এরপর বলেন, সাঞ্জু স্যামসনের স্পেশাল এক ইনিংসের কারণে উতরে গেছে ভারত। তবে ফাইনালে যেতে পারবে না তারা।
সেটিও শেষ পর্যন্ত সত্যি হয়নি। সেমি-ফাইনালে ইংল্যান্ডের সঙ্গে তুমুল লড়াইয়ের পর টানা দ্বিতীয় ফাইনালে পৌঁছে গেছে ভারত।
এবার আমির কী বলেন, জানার কৌতূহল ছিল অনেকেরই। ৩৩ বছর বয়সী পেসার এখন বলছেন, ক্যাচ ছেড়েই মূলত ম্যাচ ছেড়ে দিয়েছে ইংল্যান্ড। “আমি তো ক্রিকেটীয় কথা বলি। ভারত এই ম্যাচে খুব ভালো খেলেছে এবং গোটা টুর্নামেন্ট খেলে অবশেষে পরিপূর্ণ একটি ম্যাচ খেলতে পেরেছে। কৃতিত্ব যেখানে প্রাপ্য, দিতেই হবে।”
“আমার ভবিষ্যদ্বাণী খুবই ভালো ছিল। কিন্তু ক্যাচ ছেড়ে দিলে আমি কী করব, এটা তো আমাদের হাতে নেই। এমন ফর্মে থাকা ব্যাটারের ক্যাচ ছেড়ে দিলে এরকম খেসারতই দিতে হয়।”
আমির আঙুল তুললেন সাঞ্জু স্যামসরে জীবন পাওয়ার দিকে। ১৫ রানে সহজ এক ক্যাচ দিয়েছিলেন তিনি, মিড অনে সেটি মুঠোয় জমাতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। সেই স্যামসন ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলে ভারতকে এগিয়ে নেন বড় স্কোরের পথে।

২৫৪ রানের লক্ষ্যে ছুটেও অবিশ্বাস্য এক জয়ের সম্ভাবনা জাগিয়েছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত তারা থমকে যায় ২৪৬ রানে। শেষ দিকে বোলিংয়ে এসে অসাধারণ এক ওভারে মাত্র ৬ রান দেন জাসপ্রিত বুমরাহ, ম্যাচের প্রেক্ষাপটে যা হয়ে ওঠে মহামূল্য। ওভারপ্রতি সাড়ে ১২ রান করে উঠেছে যে ম্যাচে, সেখানে বুমরাহ দিয়েছেন ওভারপ্রতি মাত্র ৮.২৫ রান।
বুমরাহর বোলিংয়ের কথাও বললেন আমির। তবে তার আক্ষেপ ওই ক্যাচ হাতছাড়া করা নিয়েই। “দুই দলের মধ্যে একমাত্র ব্যবধান ছিল বুমরাহ। তবে হ্যারি ব্রুক যদি স্যামসনের ক্যাচটি নিতে পারত, এক ওভার বাকি থাকতেই ইংল্যান্ড ম্যাচ জিতে নিত।”
এবি/টিএ
এবি/টিএ