টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার হিসেবে কারা থাকছেন?
ছবি: সংগৃহীত
০৬:৩৭ পিএম | ০৬ মার্চ, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও আলেক্স ওয়ার্ফ।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে ভারত গতকাল ইংল্যান্ডকে হারিয়েছে, নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনালে জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

রিচার্ড ইলিংওয়ার্থ ও আলেক্স ওয়ার্ফ দুজনই ইংল্যান্ডের। তারা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার ছিলেন। ইলিংওয়ার্থ গত টি-২০ বিশ্বকাপের ফাইনালেও অনফিল্ড আম্পায়ার ছিলেন, সেবার তার সঙ্গী ছিলেন ক্রিস গ্যাফানি। ইলিংওয়ার্থ ফের দায়িত্ব পেয়েছেন আইসিসি ইভেন্টে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ। তিনি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পরিচালনা করেছেন।
ওয়ার্ফ গত বছর আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার হয়েছেন। ২০২২ সালে তিনি নারী ওয়ানডে বিশ্বকাপে কাজ করেছেন, কাজ করেছেন ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপেও।
তৃতীয় তথা টিভি আম্পায়ার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার আল্লাহউদ্দিন পালেকার। চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।
এমআই/টিকে