টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম কলকাতার লড়াই!
ছবি: সংগৃহীত
১২:২৬ পিএম | ০৭ মার্চ, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু একদিক থেকে এটি ভারত ও কলকাতা নাইট রাইডার্সের লড়াই। কারণ আইপিএল ফ্র্যাঞ্চাইজির তিন ক্রিকেটারই ভারতের বিপক্ষে ঘুরিয়ে দিতে পারে ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে উঠেছে ভারত। এবার তাদের সামনে আরেকটি ইতিহাস গড়ার হাতছানি টানা দুটি বিশ্বকাপ শিরোপা জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে হারালেই বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখবেন সূর্যকুমার যাদবেরা। দুই দলের সবশেষ ফাইনালের স্মৃতি তাদেরকে এগিয়ে রাখছে। গত বছর এই নিউজিল্যান্ডকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত।
তবে রোববারের ফাইনালে কিউইদের একটি শক্তি চিন্তায় রাখবে ভারতীয় দলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত জিতেছিলেন ৪-১ ব্যবধানে। বিশ্বকাপে পারফরম্যান্সের হিসাবেও বেশ ধারাবাহিক দল তারা। আর ঘরের মাঠে খেলা, স্বভাবতই ফাইনালে এগিয়ে থেকে মাঠে নামবে ভারত। তবে নিশ্চিন্ত থাকতে পারছে না তারা। তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্সের তিন ক্রিকেটার।

ফিন অ্যালেন ও টিম সেইফার্টের ওপেনিং জুটিকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল। ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেন তারাই। সেইফার্ট বিশ্বকাপের শুরু থেকেই ভালো ফর্মে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তাকে প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের প্রাথমিক তালিকাতেও রেখেছে। ৮ ম্যাচ খেলে ৪৫.৬৬ গড়ে তিনি করেছেন ২৭৪ রান। তার স্ট্রাইক রেট ১৬১.১৭। তিনটি ফিফটি করেছেন। ফাইনালেও ম্যাচের চেহারাও বদলে দিতে পারেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অ্যালেন। তাকে হালকাভাবে নেওয়ার উপায় নেই। মাঠের চতুর্দিকে অনায়াসে শট মারতে পারেন। ব্যাট হাতে তার আগ্রাসী মানসিকতা চোখে পড়ার মতো। একই রূপে খেললে ফাইনালে ভারতকেও কোণঠাসা করে দিতে পারেন। তাই নিউজিল্যান্ডের এই ওপেনিং জুটিই চাপে রাখবে ভারতকে। রোববার যত দ্রুত সম্ভব অ্যালেন ও সেইফার্টের উইকেট চাই ভারতের। নিউজিল্যান্ডের শক্তির ভরকেন্দ্র এই জুটিই।
বিশ্বকাপ ফাইনালে নজরে রাখতে হবে রাচিন রবীন্দ্রকেও। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লক্ষাধিক মানুষের প্রত্যাশার চাপের সঙ্গে তাকেও সামলাতে হবে। ভারতীয় বংশোদ্ভুত এই অলরাউন্ডার আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও ভালো ফর্মে। এবারের বিশ্বকাপের অন্যতম সেরা স্পিনার তিনি, পেয়েছেন ১১টি উইকেট। প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়ার দৌড়েও রয়েছেন। এক কথায় কলকাতার এই তিন ক্রিকেটারকে নিয়ে চাপে রয়েছে ভারত।
এসএস/টিএ