ভারতীয় দলে বুমরাহ যেন ‘আলাদিনের প্রদীপের দৈত্য’: ডু প্লেসি
ছবি: সংগৃহীত
০৪:০৪ পিএম | ০৭ মার্চ, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের রোমাঞ্চকর সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ২৫৪ রানের লক্ষ্যে নামা ইংল্যান্ডকে ২৪৭ রানে আটকে দেওয়ার নায়ক ভারতের পেস তারকা জাসপ্রিত বুমরাহ। তার দুর্দান্ত বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডু প্লেসি।
ম্যাচের পর বিশ্লেষণে ডু প্লেসি বলেন, দলে বুমরাহ থাকাটা যেকোনো অধিনায়কের জন্য ‘সুপারপাওয়ার’ পাওয়ার মতো, ঠিক যেন সে ‘আলাদিনের প্রদীপের দৈত্য’ পাওয়ার মতো।
মুম্বাইয়ে অনুষ্ঠিত সেমিফাইনালে রানবন্যার ম্যাচে যেখানে দুই দলের রানরেট ছিল ওভারপ্রতি ১২–এর বেশি, সেখানে বুমরাহ ছিলেন সম্পূর্ণ ভিন্ন। চার ওভারে তিনি নেন একটি উইকেট, খরচ করেন মাত্র ৩৩ রান (ইকোনমি ৮.২৫)। গুরুত্বপূর্ণ সময়ে তার নিয়ন্ত্রিত বোলিংই শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

ডু প্লেসি বলেন, ‘ভারত বুঝতে পারে না তারা কতটা ভাগ্যবান যে বুমরাহ তাদের দলে আছে। ফরম্যাট যাই হোক, তাকে বল দিলেই সে ম্যাচ জিতিয়ে দিতে পারে। যেকোনো অধিনায়ক এমন একজন বোলার পাওয়ার স্বপ্ন দেখে। এটা যেন আলাদিনের চেরাগ ঘষলেই দৈত্য বের হয়ে আসে।’
ইংল্যান্ডের ইনিংসে পঞ্চম, একাদশ, ষোড়শ ও অষ্টাদশ ওভার করেন বুমরাহ। বিশেষ করে ১৮তম ওভারে তার নিখুঁত ইয়র্কার ও স্লোয়ার বল ইংল্যান্ডকে চাপে ফেলে দেয়। ডু প্লেসির মতে, বুমরাহর সাফল্যের বড় কারণ তার অদ্ভুত বোলিং অ্যাকশন।
তিনি বলেন, ‘ব্যাটাররা জানে সে ইয়র্কার বা ফুল লেংথ বল করবে। কিন্তু তার অ্যাকশন এতটাই আলাদা যে বল কখন হাত থেকে বের হয় বোঝা কঠিন। অন্য কোনো বোলার একই লেংথ মিস করলে ছক্কা হয়ে যেত।’
তিনি তুলনা টানেন কিংবদন্তি শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার সঙ্গে, যার অস্বাভাবিক অ্যাকশনও ব্যাটারদের জন্য বড় ধাঁধা ছিল।
বুমরাহকে সঠিক সময়ে ব্যবহার করার জন্য ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবেরও প্রশংসা করেন ডু প্লেসি। ইংল্যান্ডের প্রয়োজন যখন শেষ তিন ওভারে ৪৫ রান এবং জ্যাকব বেথেল ভালো ছন্দে, তখন বুমরাহর ওভারে আসে মাত্র ৬ রান। এতে ম্যাচ কার্যত ভারতের দিকেই ঝুঁকে পড়ে।
ডু প্লেসির ভাষায়, ‘খেলার শেষ দিকে যখন ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়, তখনই বুমরাহ সবচেয়ে বড় অস্ত্র। আজ তাকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেটা ছিল নিখুঁত অধিনায়কত্ব।’
এমআর/টিকে