© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে সতীর্থদের সেরাটা চান রিয়ালের তারকা ফরোয়ার্ড

শেয়ার করুন:
ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে সতীর্থদের সেরাটা চান রিয়ালের তারকা ফরোয়ার্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৬ এএম | ০৮ মার্চ, ২০২৬
সেল্তা ভিগোর বিপক্ষে শেষ মুহূর্তের গোলে পাওয়া জয়ে আত্মবিশ্বাস বেড়েছে রেয়াল মাদ্রিদের। তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র মনে করছেন, চোটের জন‍্য অনেকের অনুপস্থিতির পরও ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে তাদের ভালো করা সম্ভব।

চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় সিটির মুখোমুখি হবে রেয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে আগামী বুধবার হবে প্রথম লেগ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

লা লিগায় টানা দুই ম‍্যাচে হারার পর শুক্রবার সেল্তা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে রেয়াল। ম‍্যাচের পর রেয়াল মাদ্রিদ টিভিকে ভিনিসিয়ুস বলেছেন, ভোগান্তির এই ম‍্যাচ থেকেই তারা পাচ্ছেন ভালো করার রসদ।

“এটা খুব কঠিন ম‍্যাচ ছিল। আমরা অনেক খেলোয়াড়কে পাইনি। তবে আমরা এখানে জিততে এসেছিলাম। কঠোর পরিশ্রম করেছি, আমরা কিছুটা ভুগেছি, তবে শেষ পর্যন্ত জিততে পেরেছি।

যা আগামী বুধবারের ম‍্যাচের জন‍্য আত্মবিশ্বাসী হতে খুব গুরুত্বপূর্ণ।”



“আমরা যুব দলের খেলোয়াড়দের ধন‍্যবাদ জানাই। চোট ও নিষেধাজ্ঞার জন‍্য অনেক খেলোয়াড় না থাকায়, আমরা জানতাম এটা খুব কঠিন ম‍্যাচ হতে যাচ্ছে। আমাদের ভক্তদের এই উপহার দেওয়া ছাড়া ক্লাবের বার্ষিকী উদযাপনের আর কোনো ভালো উপায় ছিল না।”

সেল্তার বিপক্ষে যোগ করা সময়ে ফেদে ভালভের্দের গোলে জয় পায় রেয়াল। এতোটা ভোগান্তি মানতেও পারছেন না ভিনিসিয়ুস। ম‍্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা কিছুটা ক্লান্তও হয়ে পড়েছিলেন। তবে এর মধ‍্যেই সিটি ম‍্যাচ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন তিনি।

“আজ আমি কিছুটা ক্লান্ত। গত কিছু দিনে আমি অনেকগুলো ম‍্যাচ খেলেছি। তবে বড় ম‍্যাচগুলোর জন‍্য তৈরি থাকতে হবে। বুধবারের ম‍্যাচের জ‍ন‍্য আমাকে বাসায় ভালোভাবে বিশ্রাম নিতে হবে। ভালো একটা ম‍্যাচ খেলার জন‍্য আমাদের ঠিকঠাক রিকেভারি করতে হবে এবং ভক্তদের সমর্থন প্রয়োজন হবে।”

“শেষ ষোলোয় ম‍্যানচেস্টার সিটির মতো শক্তিশালী দলের বিপক্ষে আমাদের সেরা ফুটবলের প্রয়োজন হবে। এই মৌসুমে আমাদের সামনে কঠিন কিছু ম‍্যাচ আছে। এই সময়ে ঘরের মাঠে নিজেদের ভক্তদের সামনে খেলা, সবার সমর্থন পাওয়া এবং নিজেদের সেরাটা বের করে আনার প্রয়োজন হবে।

এমআই/টিকে

মন্তব্য করুন