© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমএলএস থেকে বছরে কত আয় করেন মেসি?

শেয়ার করুন:
এমএলএস থেকে বছরে কত আয় করেন মেসি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৩ পিএম | ০৮ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেললেও আয়ের দিক থেকে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলে বছরে প্রায় ৮০ মিলিয়ন ডলার পর্যন্ত আয় করছেন আর্জেন্টাইন মহাতারকা। যার বড় অংশই আসে ক্লাবের মালিকানার অংশীদারিত্ব থেকে।

২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই শুধু মাঠের পারফরম্যান্স নয়, আর্থিক দিক থেকেও এমএলএসের চিত্র বদলে দিয়েছেন মেসি।
 
মেজর লিগ সকার প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মেসির মূল বেতন প্রায় ১২ মিলিয়ন ডলার। বিভিন্ন বোনাসসহ তার গ্যারান্টিযুক্ত পারিশ্রমিক দাঁড়ায় প্রায় ২০.৪৫ মিলিয়ন ডলার।
 
এতে এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এখনও মেসিই। দ্বিতীয় স্থানে থাকা সন হিউং মিন, যিনি লস অ্যাঞ্জেলস এফসির হয়ে বছরে প্রায় ১১.১৫ মিলিয়ন ডলার পান।
 
তবে মেসির চুক্তির সবচেয়ে বড় আকর্ষণ শুধু বেতন নয়, বরং ক্লাবের মালিকানার অংশীদারিত্ব। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সময়ই চুক্তিতে তাকে ক্লাবের একটি অংশের মালিক হওয়ার সুযোগ দেওয়া হয়। মেসি যখন ২০২৩ সালে মায়ামিতে আসেন, তখন ক্লাবটির বাজারমূল্য ছিল প্রায় ৫৮৫ মিলিয়ন ডলার। বর্তমানে সেটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১.৩৫ বিলিয়ন ডলার।
  
মেসির মালিকানার সঠিক পরিমাণ প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন হিসাব অনুযায়ী, ক্লাবের মূল্যবৃদ্ধির কারণে প্রতি বছর তার শেয়ার থেকে প্রায় ৬০ মিলিয়ন ডলার সমপরিমাণ মূল্য বাড়ছে। সব মিলিয়ে তার মোট বার্ষিক আয় প্রায় ৮০ মিলিয়ন ডলারের কাছাকাছি।
 
নতুন চুক্তি অনুযায়ী মেসি অন্তত ২০২৮-২৯ মৌসুম পর্যন্ত ইন্টার মায়ামিতেই থাকবেন। এই সময়ের মধ্যেই ক্লাবটি তাদের নতুন স্টেডিয়াম মায়ামি ফ্রিডম পার্কে খেলতে শুরু করবে। মেসি নিজেও এই নতুন স্টেডিয়ামের উদ্বোধনী মৌসুমে দলের অংশ থাকতে চেয়েই চুক্তি বাড়িয়েছেন বলে জানা গেছে।
 
মেসির চুক্তির আরেকটি বিশেষ দিক হলো, খেলা থেকে অবসর নেয়ার পরই তার মালিকানার অংশ পুরোপুরি কার্যকর হবে। তখন তিনি ক্লাবটির অন্যতম মালিক হিসেবে যুক্ত হবেন বর্তমান মালিক ডেভিড ব্যাকহাম, জর্জ মাস ও জোসে মাসের সঙ্গে।
  
সব মিলিয়ে মেসি এখন শুধু একজন ফুটবলার নন, বরং যুক্তরাষ্ট্রের ক্রীড়া অর্থনীতির একটি বড় স্তম্ভে পরিণত হয়েছেন। মাঠে গোল করার পাশাপাশি ব্যবসায়িক দিক থেকেও নিজের সাম্রাজ্য গড়ে তুলছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

এমআই/টিকে

মন্তব্য করুন