© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইতিহাস গড়ার পথে রেকর্ডের পর রেকর্ড ভাঙ্গল ভারত

শেয়ার করুন:
ইতিহাস গড়ার পথে রেকর্ডের পর রেকর্ড ভাঙ্গল ভারত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৪ এএম | ০৯ মার্চ, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামল। আহমেদাবাদে ভারতের মাথায় উঠল শ্রেষ্ঠত্বের মুকুট। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ার পথে রেকর্ড ভেঙে চুরমার করেছে তারা।

৩- ভারত এনিয়ে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল। ২০০৭ ও ২০২৪ সালে আগের দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। প্রথম দল হিসেবে তারা এই প্রতিযোগিতায় তিনটি শিরোপার স্বাদ পেল। ওয়েস্ট ইন্ডিজ (২০১২ ও ২০২৬) ও ইংল্যান্ড (২০১০ ও ২০২২) দুইবার করে ট্রফি পেয়েছিল।

ভারত প্রথম দল হিসেবে টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল। এর আগে কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফাইনালেই উঠতে পারেনি। ভারতই প্রথম দল, যারা ঘরের মাঠে বিশ্ব জয় করল।

১-৩- টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়-পরাজয়ের ব্যবধান ৩-১ এ কমল। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের তিন ম্যাচের প্রত্যেকটি হেরেছিল তারা। এছাড়া শ্রীলঙ্কা একমাত্র দল, যাদেরকে এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত হারাতে পারেনি ভারত।

২৫৫/৫- আহমেদাবাদের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত করেছে ৫ উইকেটে ২৫৫ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টির কোনো নকআউট ম্যাচে (কিংবা প্লে অফ) কোনো দলের এটাই সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ রানও ছিল ভারতের, এই আসরে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে করা ৭ উইকেটে ২৫৩ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দলের এটা তৃতীয় সর্বোচ্চ রান।


আন্তর্জাতিক টি-টোয়েন্টির ফাইনালে কোনো দলের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৪৪ রান। ২০২৪ সালে সাব রিজিওনাল ইউরোপ কোয়ালিফায়ারে ‘এ’ গ্রুপের ফাইনালে রোমানিয়ার বিপক্ষে এই রান করেছিল ইতালি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে  আগে কোনো দল দুইশ করতে পারেনি।

৯৬- নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত জিতেছে ৯৬ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপের রানের হিসাবে এটাই তাদের সর্বোচ্চ ব্যবধানের জয়। এই বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ৯৩ রানের জয় পেছনে পড়ে গেছে। 

নিউজিল্যান্ড এই প্রতিযোগিতায় রেকর্ড ব্যবধানে হারল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের তিন বড় পরাজয়ের দুটিই এসেছে আহমেদাবাদে ভারতের বিপক্ষে।

৪/১৫- নিউজিল্যান্ডের বিপক্ষে জসপ্রীত বুমরাহ ১৫ রান দিয়ে নেন চার উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তার প্রথম চার উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের পর দ্বিতীয় বোলার হিসেবে চার উইকেট নিলেন ভারতীয় পেসার। ২০১২ সালে লঙ্কান স্পিনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ রানে চার উইকেট নেন।

১- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেব  টানা আড়াইশর বেশি রান করল ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তাদের রান ছিল ৭ উইকেটে ২৫৩। কেবল সানরাইজার্স হায়দরাবাদ (২০১৪ আইপিএল) ভারতের আগে টি-টোয়েন্টিতে টানা আড়াইশ ছাড়ানো স্কোর করেছিল। 

এই বিশ্বকাপে তৃতীয়বার ভারত আড়াইশ ছাড়াল। এর বাইরে হায়দরাবাদ একমাত্র দল হিসেবে টি-টোয়েন্টি সিরিজে (বা টুর্নামেন্টে) তিনবার আড়াইশ ছাড়ায়। সব মিলিয়ে ভারত ২০২৬ সালে চতুর্থবার স্কোর আড়াইশ পার করল, যা সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে এক বছরে সর্বোচ্চ।

১৮- নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেছেন অভিষেক শর্মা, বিশ্বকাপ নকআউটে যা কোনো ব্যাটারের দ্রুততম। আগের দ্রুততম ফিফটি ছিল ফিন অ্যালেন ও জ্যাকব বেথেলের। এই আসরের সেমিফাইনালে যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ফিন অ্যালেন ও জ্যাকব বেথেল দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে ১৯ বলে ফিফটি করেন, যা ভেঙে দিলেন ভারতীয় ওপেনার।

৮৯- টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রান করেন সাঞ্জু স্যামসন। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে এটাই সর্বোচ্চ। ২০১৬  সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস ও ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের সমান ৮৫ রানের কীর্তিকে পেছনে ফেলেছেন ভারতের তারকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল দুটোতেই পঞ্চাশের বেশি ইনিংস খেলা তৃতীয় ব্যাটার স্যামসন। ২০০৯ সালে শহীদ আফ্রিদি ও ২০১৪ সালে বিরাট কোহলি এই কীর্তি গড়েন। রান তাড়ায় নেমে টিম সেইফার্ট এই তালিকায় চার নম্বরে যোগ দেন। 

৯৮- অভিষেক ও স্যামসন মিলে ৯৮ রান তোলেন, যা বিশ্বকাপ ফাইনালে ওপেনিং জুটির রেকর্ড। ওপেনিংয়ে নেমে শিরোপা নির্ধারণী ম্যাচে আগের সর্বোচ্চ জুটি ছিল ৪৮ রানের। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের কামরান আকমল ও শাহজাইব হাসানের রেকর্ড ভেঙে ৫০ রানের ব্যবধান বাড়ালেন দুই ভারতীয় ওপেনার। অভিষেক ও স্যামসনেরও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জুটি এটি। প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লে শেষ করেছে তারা।


৯২-০- টি-টোয়েন্টি বিশ্বকাপের পাওয়ার প্লেতে যে কোনো দলের যৌথ সর্বোচ্চ রান। ২০২৪ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১ উইকেটে ৯২ রানের কীর্তিকে ছুঁয়েছে তারা।

৩- স্যামসন টানা তিন ম্যাচ আশির বেশি রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৭ রানের পর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সমান ৮৯ রান করেছেন। তার আগে বিশ্বকাপে শুধু মাহেলা জয়াবর্ধনে ২০১০ সালে টানা তিনবার আশির বেশি স্কোর করেছেন। এছাড়া ৩৩০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে প্রথমবার স্যামসন তিনটি টানা ফিফটি করলেন।

৩২১- টুর্নামেন্টে ৩২১ রান করেছেন স্যামসন। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ভারতীয়র এটাই সর্বোচ্চ।  ২০১৪ সালে কোহলির করা ৩১৯ রানকে টপকে গেলেন তিনি। এই আসরে স্যামসন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার উপরে আছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান (৩৮৩) ও নিউজিল্যান্ডের টিম সেইফার্ট (৩২৬)। 

এর মধ্যে স্যামসন সেমিফাইনাল ও ফাইনালে ১৭৮ রান করেছেন, যা এক আসরে কোনো ব্যাটারের সর্বোচ্চ। ২০১৪ সালে কোহলির ১৪৯ রানের কীর্তিকে পেছনে ফেললেন তিনি।

২৪- স্যামসন এই বিশ্বকাপে ২৪ ছক্কা মেরেছেন। টুর্নামেন্টের এক আসরে কোনো ব্যাটারের এটাই সর্বোচ্চ রান। এই টুর্নামেন্টে ফিন অ্যালেন ২০ ছক্কা মেরে দ্বিতীয় স্থানে।

আরআই/টিকে

মন্তব্য করুন