পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই
ছবি: সংগৃহীত
০৮:০৭ পিএম | ১৪ মে, ২০২৬
মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা। এ সময় পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে গ্রেফতার এক সহযোগীকে ছিনিয়ে নিয়ে যায় তারা। ওই আসামি হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আহত পুলিশ কর্মকর্তারা হলেন হাতীবান্ধা থানার এএসআই আইয়ুব আলী ও এএসআই রফিকুল ইসলাম। ঘটনার পর তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে ওই ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে অভিযান চালায়। অভিযানের সময় মাদকসহ ওই ব্যবসায়ীকে আটক করে হাতকড়া পরানো হয়। কিন্তু আটকের খবর ছড়িয়ে পড়লে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন এবং আটক ব্যক্তিকে তারা ছিনিয়ে নিয়ে যায়।
হামলার সঙ্গে কারা জড়িত এবং ছিনিয়ে নেয়া আসামির পরিচয় সম্পর্কে জানতে চাইলে পুলিশ জানায়, তদন্ত ও গ্রেফতার অভিযানের স্বার্থে আপাতত হামলাকারীদের নাম প্রকাশ করা হচ্ছে না। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদক ব্যবসায়ীদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেয়া আসামিসহ হামলায় জড়িতদের গ্রেফতারে এলাকায় ব্যাপক অভিযান চলছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’
এসকে/টিকে