ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ চাওয়া সেই শিক্ষার্থী এখন শিবির সভাপতি
ছবি: সংগৃহীত
০৮:৪৩ পিএম | ১৪ মে, ২০২৬
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গণঅভ্যুত্থানের পর এ ক্যাম্পাসে প্রথমবারের মতো ঘোষণা দিয়ে কমিটি দিয়েছে সংগঠনটি। সাধারণ শিক্ষার্থীদের আবেদনের প্রক্ষিতে ২০২৪ সালের ৭ আগস্ট ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করেন সাবেক অধ্যক্ষ। বর্তমান অধ্যক্ষ জানিয়েছেন, সে আদেশ এখনো উইথড্র করা হয়নি।
তথ্যমতে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ৭ আগস্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার আবেদন করেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়করা। সে আবেদন গ্রহণ করে, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করেন সাবেক অধ্যক্ষ ড. আবু জাফর খান। কিন্তু ১৪ মে সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক ফখরুল ইসলামকে। তিনি এ কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ চাওয়া পর এখন কেন শিবিরের কমিটিতে এ প্রশ্নে ফখরুল ইসলাম বলেন, আমি ক্লাস নাইন থেকে শিবির করি৷ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের একজন ছিলাম ও আছি৷ তখন প্রেক্ষাপটে সবাই ক্যাম্পাসে রাজনীতির বিরুদ্ধে ছিল। আমরাও একমত ছিলাম। একইসাথে আমরা আরো দাবি করেছিলাম ছাত্রলীগের অপরাধী তাদের বিচার, কলেজে ক্যান্টিন স্থাপন, কলেজের অনিয়ম দুর্নীতি বন্ধ করা৷ আমাদের কোনো দাবি পূরণ হয়নি৷ ভর্তি পরীক্ষার দিন ছাত্রশিবির, ছাত্রদল, ইসলামী ছাত্রআন্দোলন, ছাত্রশক্তি, গণঅধিকার পরিষদ, ছাত্রীসংস্থা হেল্পডেস্ক বসিয়ে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা করেছে।
ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত বলেন, কলেজে ছাত্রদল, ছাত্রশিবির সমানভাবে কার্যক্রম পরিচালনা করছে। ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় বা সরকারি ঘোষণা মতে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা হয়নি৷ গণতান্ত্রিক মূল্যবোধে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার সুযোগও নেই।
কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি মো. নাহিদুজ্জামান রানা বলেন, প্রথমত আমি তাদের অভিনন্দন জানাই। ক্যাম্পাসে ভালোকাজের প্রতিযোগিতা থাকবে। আমি ঘৃণা ও নিন্দা জানাই দ্বিচারিতার৷ যিনি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার আন্দোলন করেছেন, তিনি শিবিরের সভাপতি। এখানে দুজনের কমিটি করা হয়েছে। আমরা আহ্বান করব, তাদের পুরো বডিটা যেন উন্মোচন করে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা বলেন, তখন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিল৷ তা এখনো উইথড্র করা হয়নি।
টিকে/