মাদক বিক্রির টাকা গোনার ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত
০৮:৪৬ পিএম | ১৪ মে, ২০২৬
নাটোরের গুরুদাসপুরে নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজার (৪২) মাদক বিক্রির টাকা গোনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর বুধবার (১৩ মে) গভীর রাতে উপজেলার হামলাইকোল এলাকা থেকে আদম ব্যবসায়ী বুলবুলের স্ত্রী রুমা আক্তার লাবনীসহ (৩৩) রেজাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ১৫১ ধারায় মামলা দেখিয়ে তাদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। রেজাউল করিম রেজা গুরুদাসপুর উপজেলার দৌলতপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
এদিকে নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কাজ করার অপরাধে সদস্য পদসহ দল থেকে যুবদল নেতা রেজাউল করিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজাউল করিম রেজার নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কাজ করার অপরাধে সদস্য পদসহ দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আদম ব্যবসায়ী বুলবুলের স্ত্রী রুমা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছেন। ঘটনার রাতে স্থানীয়রা রুমা ও রেজাকে আটক করে পুলিশে দেয়। এর মধ্যে তারা মাদক সরিয়ে ফেলে। পরে নানা নাটকীয়তার পর তাদের বিরুদ্ধে ওয়ান ফিফটি ওয়ান ধারায় মামলা হয়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, আদম ব্যবসায়ী বুলবুলের স্ত্রী রুমা সিগারেটে গাঁজা তুলছেন। পাশেই বসে থাকা যুবদল নেতা রেজা মাদক বিক্রির টাকা গুনছেন। এলাকাবাসী জানায়, এটা তাদের নিত্যদিনের কাজ।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম বলেন, আসামিদের কাছে মাদক না পাওয়ায় ১৫১ ধারায় পুলিশ মামলা রুজু করা হয়। তাদের নাটোর কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
এমআই/টিকে