© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৭ এএম | ১৫ মে, ২০২৬
বাংলাদেশ থেকে সাগরপথে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টাকে ভয়াবহ উল্লেখ করে এই প্রবণতা বন্ধের জন্য সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

তিনি বলেন, সাগরপথে বিদেশে যাওয়ার এই প্রবণতা বন্ধ করতেই হবে। যারা তরুণদের ঝুঁকিপূর্ণ অভিবাসনে সমুদ্রপথে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর একটি হোটেলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত 'ফ্রম রিটার্ন টু রাইজ: স্টোরিজ অব রেজিলিয়েন্স অ্যান্ড রিইন্টিগ্রেশন' শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ব্র্যাকের সহ-অর্থায়ন ও বাস্তবায়নে পরিচালিত 'ইমপ্রুভড, সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নিং মাইগ্র্যান্টস (প্রত্যাশা-২)' প্রকল্পের দেশব্যাপী অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিদেশফেরত ব্যক্তিরা তাদের ঘুরে দাঁড়ানোর গল্প শোনান।

প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের সহায়তায় বিদেশফেরত মানুষের ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতাগুলো অনুপ্রেরণামূলক। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও রেইজ প্রকল্পের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা সামনের দিনগুলোতে বিদেশফেরতদের কল্যাণে আরও টেকসই উদ্যোগ নিতে চাই, কারণ তাদের পাঠানো রেমিট্যান্সেই দেশের অর্থনীতি সচল থাকে।

অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোর ক্ষেত্রে আরও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রয়োজন। যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর নীতিগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বায়রা-র সদস্যপদে শুধু সংখ্যা না বাড়িয়ে মানভিত্তিক গ্রেডিং ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া ইইউ কাউন্সেলর ইউরাতে স্মালস্কাইটে মেরভিলসহ মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিজে/টিএ 

মন্তব্য করুন