এক সপ্তাহে নৌ পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬৪
ছবি: সংগৃহীত
০৩:২৬ এএম | ১৫ মে, ২০২৬
মৎস্য সম্পদ রক্ষা এবং নৌ-পথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ গত এক সপ্তাহ দেশব্যাপী অভিযান চালিয়ে ২৬৪ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় বিপুল পরিমাণ মাছ ধরার সরঞ্জাম, মাছের পোনা ও জেলি মেশানো চিংড়ি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ২ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৯৮০ মিটার মাছ ধরার জাল, ২ হাজার ৫৯৫ কেজি মাছ, ৮ লাখ ২১ হাজার চিংড়ির পোনা, ৫ লাখ বাটা মাছের পোনা, ৬০ হাজার পারশে মাছের পোনা, ২ হাজার বাগদা চিংড়ির পোনা এবং ১৫০ কেজি জেলি মেশানো চিংড়ি উদ্ধার করা হয়েছে।
নৌ পুলিশ অবৈধভাবে মাছ ধরার জন্য নদীতে তৈরি করা ১৪৭টি অবৈধ ঝোপঝাড় ধ্বংস করে। বৈধ কাগজপত্র না থাকায় ৮৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের এবং একটি ড্রেজার জব্দ করা হয়।
সপ্তাহব্যাপী এই অভিযানে ৮৮টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে মৎস্য আইনের অধীনে ৬৯টি, গতি লঙ্ঘনের জন্য পাঁচটি, বালু উত্তোলন সংক্রান্ত বিধিমালায় তিনটি এবং মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক সপ্তাহে নদী থেকে নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জব্দ করা অবৈধ জাল এবং জেলি মেশানো চিংড়ি ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা মাছের পোনা জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
টিজে/টিএ